আমাদের ভারত, ১৪ মারতভ: শুভেন্দু অধিকারীকে বিলুপ্ত পশু ডায়নোসরের সঙ্গে তুলনা করলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ডায়নোসরের সঙ্গে তুলনা করে বললেন, “এরপর শুভেন্দু অধিকারীকে শুধুই ছবিতে পাওয়া যাবে।”
নন্দীগ্রাম দিবস উপলক্ষে তৃণমূলের সমাবেশে এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ছিলেন কুণাল। বিজেপিকে লাগাতার আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, “বাংলার মাটিতে বিজেপি যেখানে যতটুকু আছে উৎখাত করব। বিজেপি থাকবে না।”
এদিনও বেইমান, গদ্দার, মীরজাফর, রাজনৈতিক বেজন্মা প্রভৃতি বিশেষণে শুভেন্দুবাবুকে আক্রমণ করেন কুণাল। বলেন, ‘নারদা, সারদা মামলায় নাম রয়েছে শুভেন্দুর। তাই সিবিআই-ইডির হাত থেকে বাঁচতে বিজেপির জুতো পালিশ করছে। খোল-করতাল বাজিয়ে হঠাৎ হিন্দু সেজেছে। মুসলিমদের প্রতি বিষোদগার করেছে। জেহাদি, পাকিস্তানি , লুঙ্গিবাহিনী তকমা দিয়েছে। ওই হঠাৎ হিন্দুর কোনও অধিকার নেই পবিত্র শহিদ বেদী স্পর্শ করার। নন্দীগ্রামে হিন্দুদের পাশাপাশি বহু মুসলিমও প্রাণ দিয়েছেন। তাই ওই গদ্দার মালা দিতে এলে প্রতিরোধ করুন।’

