আমাদের ভারত, ১৬ ফেব্রুয়ারি: আর মাত্র ৪ দিন বাকি। ২০ ফেব্রুয়ারি পাঞ্জাব বিধানসভা নির্বাচন। জনমত সমীক্ষায় দেখা গেছে সেখানে সরকার গড়ার দৌড়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। আর এই পরিস্থিতিতে আপ প্রধানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন আপ নেতা তথা হিন্দি কবি কুমার বিশ্বাস। যদিও আনুষ্ঠানিক ভাবে তিনি দল ছাড়ার কথা এখনও ঘোষণা করেননি। কুমার বিশ্বাসের দাবি অরবিন্দ কেজরিওয়াল খালিস্তান আন্দোলন সমর্থন করেন। এমনকি পৃথক খালিস্থান গড়ে সেখানকার প্রধানমন্ত্রী হতে চান।
সংবাদ সংস্থাকে দেওয়া একটি ভিডিও সাক্ষাৎকারে কুমার বিশ্বাস বলেন, ” একদিন উনি( অরবিন্দ কেজরিওয়াল) আমাকে বলেন হয় আমি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হবে অথবা স্বাধীন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হব।” কুমার আরো জানান, তিনি যখন আপে ছিলেন তখন কেজরিওয়াল যে-কোনো মূল্যে পাঞ্জাবের ক্ষমতায় আসার কথা বলেছিলেন তাকে।
পাঞ্জাবে কীভাবে ক্ষমতায় আসা যায় সেটা তা নিয়েও তার সঙ্গে আলোচনা করেছেন কেজরিওয়াল, বলে জানান কুমার বিশ্বাস।
প্রসঙ্গত উল্লেখ্য অরবিন্দ কেজরিওয়ালের একসময়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই কুমার বিশ্বাস। তিনি আম আদমি পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। কিন্তু ২০১৮ সালে ফাটল ধরে তাদের সম্পর্কে। কুমারের বদলে কেজরিওয়াল রাজ্যসভায় মনোনীত করেন সঞ্জয় সিং কে। যদিও তাদের মধ্যে সংঘাত তৈরি হলেও আনুষ্ঠানিকভাবে এখনও দল ছাড়েননি কুমার।
অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ এনেছেন এই কুমার বিশ্বাস। উনি বলেন,” আমি সতর্ক করেছিলাম যে পাকিস্তানের আইএসআই এবং অন্য কিছু ভারতবিরোধী এজেন্সি খালিস্তানবাদী শিখস ফর জাস্টিস সংগঠনকে অর্থ দিয়ে মদত দিচ্ছে। এই কথায় কেজরিওয়ালের উত্তর ছিল, তাতে কি আমি একদিন স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী হবো”।
#WATCH | Poet & former AAP leader Kumar Vishwas alleges AAP chief Arvind Kejriwal was supportive of separatists in Punjab
"One day, he told me he would either become CM (of Punjab) or first PM of an independent nation (Khalistan)," Vishwas says. pic.twitter.com/5ccGs9jNn3
— ANI (@ANI) February 16, 2022
অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রাক্তন আপ নেতা এই বিস্ফোরক অভিযোগ আনলেন পাঞ্জাব বিধানসভা নির্বাচনের ঠিক চার দিন আগে। যার প্রভাব নির্বাচনে পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অথচ জিতে ক্ষমতায় আসার বিষয়ে আত্মবিশ্বাসী আম আদমি পার্টি। মঙ্গলবার রাহুল গান্ধীও খালিস্তানি সন্ত্রাসবাদীদের প্রতি নরম মনোভাব নিয়ে আক্রমণ চালিয়েছিলেন কেজরিওয়ালের বিরুদ্ধে।

