পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ সেপ্টেম্বর: ক্ষীরপাই থেকে শ্রীনগর পর্যন্ত রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ চলছে বেশ কয়েক মাস ধরে। আর যার জন্য অসুবিধায় পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষসহ নিত্যযাত্রীদের। বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ চন্দ্রকোনা বিধানসভার কোচগেড়িয়া এলাকার সাধারণ মানুষজন রাস্তা ঘিরে বিক্ষোভ দেখায়।
তাদের অভিযোগ, এই রাস্তার উপর দিয়ে সারাদিনে কয়েক হাজার মানুষ যাতায়াত করে। রাস্তার বেহাল অবস্থা থাকায় রাস্তার মধ্যে ব্যাপক হারে ধুলোবালি উড়ছে, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি সাধারণ মানুষজনদের। রাস্তার মধ্যে থাকা স্টোনচিপস ছুটে গিয়ে আহত হচ্ছে এলাকার মানুষ। রাস্তার কন্ট্রাক্টর’কে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই কোচগেরিয়া গ্রামের সাধারণ মানুষজন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

এই বিক্ষোভের ফলে বহু যাত্রীবাহী বাস সহ পণ্যবাহী ট্রাক আটকে পড়ে রাজ্য সড়কের ওপর। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় রামজীবনপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে এবং অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। অবশেষে যান চলাচল স্বাভাবিক হয়।

