স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ ফেব্রুয়ারি: শিল্পীর মধ্য দিয়ে কিংবদন্তি শিল্পীদের সম্মান জানানোই ছিল মূল লক্ষ্য মৃৎশিল্পী সুবীর পালের। কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর। তারপর গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তার রেশ কাটতে না কাটতেই ভারতের সর্ব সেরা সঙ্গীত পরিচালক সুরকার তথা শিল্পী বাপ্পি লাহিড়ী প্রয়াত হন। একে একে সঙ্গীত জগতের তিনজন নক্ষত্র চলে যাওয়ার কারণে গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ৭০ কিংবা ৮০ অথবা ৯০ এর দশকে সারা দেশ কাঁপিয়েছে এই শিল্পীরা। একের পর এক সঙ্গীতশিল্পী চলে যাওয়ায় সঙ্গীত জগতে ব্যাপক ক্ষতি হল বলেই মনে করছে কলাকুশলীরা।

দুই বঙ্গসন্তানকে শ্রদ্ধা জানাতে রাতারাতি তাদের আবক্ষ মূর্তি তৈরি করলেন নদিয়ার কৃষ্ণনগরের রাষ্ট্রপতি সম্মান প্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পাল। তিনি বলেন, আমরা ছোটবেলা থেকেই এদের গান শুনে বড় হয়েছি। নিজেদের শিল্পীসত্তার মধ্য দিয়ে যদি তাদের কিছুটা সম্মান জানাতে পারি সেই উদ্দেশ্যেই তাদের আবক্ষ মূর্তি তৈরি করেছি। লতা মঙ্গেশকরের সঙ্গে একবার ছোটবেলায় দেখা হলেও সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপি লাহিড়ীর সঙ্গে তার কখনো সাক্ষাৎ হয়নি। সে বিষয়ে আক্ষেপ করে তিনি বলেন এমন নক্ষত্র হয়তো আর পৃথিবীতে ফিরে আসবে না। অন্তর থেকে অনেক শ্রদ্ধা জানাই তাদের।


