স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ মে:
কৃষ্ণনগরে তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে বেআইনিভাবে রেশনের চাল, ডাল বিলির অভিযোগ তুলল বিজেপি এবং বিরোধী দলের কাউন্সিলরদের ত্রাণ দেওয়া হচ্ছে বলে মিথ্যে প্রচার করা হচ্ছে এই দাবিতে আজ কৃষ্ণনগর মহকুমা শাসক ও প্রশাসকের কাছে বিক্ষোভ দেখায় এবং একটি স্মারকলিপিও জমা দেয় কৃষ্ণনগর বিজেপি শহর মন্ডল কমিটি।
ত্রাণ বিলি নিয়ে রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে। এখানেও একই অভিযোগ তুলল বিজেপি। বিজেপির অভিযোগ, কৃষ্ণনগরের প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহা জানিয়েছেন, সব কাউন্সিলরকেই সমানভাবে ত্রাণ বিলি করা হয়েছে। কিন্তু কৃষ্ণনগর বিজেপি শহর মন্ডলের দাবি, বহু কাউন্সিলররা বিলি করার জন্য ত্রাণ পাননি। বিজেপি মন্ডলের অভিযোগ ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বর্তমানে যিনি বিজেপির নদিয়া জেলার সহ-সভাপতি অসিত সাহা তিনি ত্রাণ বিলি নিয়ে শাসক দলের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি। অথচ তৃণমূল কাউন্সিলরদের যথেষ্ট ত্রাণ বিলি করেছেন।
বিজেপির অভিযোগ, এই ত্রাণের চাল, ডাল দিয়ে ব্যক্তিগতভাবে তারা এলাকার মানুষকে খাওয়াচ্ছেন, ব্যক্তিগতভাবে তারা এলাকায় এই চাল-ডাল বন্টন করছেন। কিন্তু সেই বন্টনে সরকারি চাল ব্যবহার করা হচ্ছে। কোথা থেকে সেই চাল তারা পেল এবং কিভাবেই বা সরকারি চাল তাদের কাছে পৌঁছাল তার তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি মন্ডল কৃষ্ণনগর মহকুমা শাসক ও প্রশাসকের কাছে। পাশাপাশি বিজেপি মন্ডল জানতে চেয়েছে মহামারির সময়েও রাজ্য সরকার কোন কোন ক্লাবকে টাকা বন্টন করেছেন। এছাড়াও বিজেপির অভিযোগ, তাদের করোনা সম্পর্কে কোনও তথ্য জানানো হচ্ছে না। তারা স্মারকলিপিতে জানতে চেয়েছে কতজনের করোনা পরীক্ষা হয়েছে, এমন কতজন করোনা আক্রান্ত হয়েছেন এবং এখানে লকডাউন মানা হচ্ছে কি না এই দাবি সহ মোট ১০ দফা দাবি নিয়ে তারা শনিবার কৃষ্ণনগর মহকুমা শাসক ও প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। সম্প্রতি আমফানে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তার হিসেব প্রকাশ এবং তাদের যথাযথ ত্রাণ বিলি করার দাবিও জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে।

৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরকে সমপরিমাণ ত্রাণ না দেবার বিরুদ্ধে বিজেপির অভিযোগ সম্বন্ধ্যে কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন, পৌরসভার ওয়ার্ডে এখন চব্বিশটা কাউন্সিলরই আছেন। ৪ নম্বর ওয়ার্ডে এখন কোন কাউন্সিলর নেই। আর যার কথা বলছেন সে এখন বিজেপির সহ সভাপতি। ওর মতন ফালতু লোকের সম্বন্ধ্যে উত্তর দেওয়ার সময় আমার নেই।
অন্যদিকে কৃষ্ণনগর বিজেপি মন্ডলের সহ-সভাপতি অসিত সাহার কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, অসীম সাহার যে মতিভ্রম হয়েছে তা স্পষ্ট বোঝা যায়। কদিন আগেই একটা মিডিয়াতে আমার সম্বন্ধ্যে তিনি খুব সুনাম গাইছিলেন। আর আজকে যেহেতু ওনার দিকে আঙ্গুল তোলা হয়েছে তখন উনি আমাকে ফালতু সম্মোধন করছেন।

