আমাদের ভারত, কলকাতা, ২৫ ফেব্রুয়ারি: দ্বিতীয়বারের জন্য বিধাননগর পুরনিগমের মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন কৃষ্ণা চক্রবর্তী। পুরনিগমের নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। সল্টলেকের এফডি পার্কের মাঠে আজ দুপুরে বিধাননগর পুরনিগমের নতুন মেয়র ও চেয়ারম্যান সহ ৪১ জন নবনির্বাচিত কাউন্সিলাররা শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান পুরকমিশনার দেবাশিষ ঘোষ।
শপথ গ্রহণের পর কৃষ্ণা চক্রবর্তী সাংবাদিকদের বলেন, বিধাননগরবাসী তাদের পক্ষে রায় দিয়ে তাদের উপর ভরসা দেখিয়েছেন, তিনি ডেপুটি মেয়র, মেয়র পারিষদ, সব কাউন্সিলারদের সঙ্গে নিয়ে বিধাননগরের বাসিন্দাদের উন্নয়নে কাজ করবেন। চেয়ারম্যান সব্যসাচী দত্ত বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেখানো পথেই বিধাননগরবাসীর অভাব অভিযোগ নিরসনে নতুন পুরবোর্ড কাজ করবে। পুরনিগমের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনিতা মন্ডল।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক তাপস চ্যাটার্জি, অদিতি মুন্সি প্রমুখ।

