আমাদের ভারত, ২৯ জুলাই : তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় দিন গুনছে মানুষ তাঁর মধ্যেই দৈনিক সংক্রমণের সংখ্যা উদ্বেগ আরও বাড়াচ্ছে। তবে দক্ষিণের রাজ্য কেরলে সংক্রমণের সংখ্যা দেখে রীতিমতো মাথায় হাত পড়েছে বিশেষজ্ঞদের। পশ্চিমবঙ্গেও সংক্রমণের রূপ দ্রুত বদলাচ্ছে।
গত কালই পশ্চিমবঙ্গে সংক্রমণের সংখ্যা একলাফে ৮০০ ছাড়িয়েছে। যেখানে আগের দিন দৈনিক সংক্রমণ ছিল ৬৬২ আজ সেখানে সংখ্যা ৮১৫ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে কোভিডবিধি তুলে নেওয়ার অর্থ সংক্রমণ বৃদ্ধি।
তাই বৃহস্পতিবার, রাজ্যের মূখ্যসচিব নির্দেশিকা জারি করে কোভিড নিয়ন্ত্রন বিধির সময় সীমা ১৫ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে। কিছু ছাড় ও কিছু বাড়তি বিধিনিষেধ সমেত নতুন নির্দেশিকা লাগু হবে শনিবার ৩১ জুলাই থেকে। থাকবে রাত্রি ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফু।
দেশ জুড়ে দুই দিন ধরে দৈনিক সংক্রমণ ৪৩ হাজারের উপরে। মৃত্যু সংখ্যা যদিও দুই দিনই ৬৪০। সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশের মোট মৃত্যু সংখ্যা ৮ লাখ ২২ হাজার ৬৬২। সেখানে মোট সংক্রামিতের সংখ্যা ৩ কোটি ১৫ লক্ষ ২৮ হাজার ১১৪ এবং গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ হাজার ৫০৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। যার ৫১ শতাংশ অর্থাৎ ২২ হাজার ১১৪ জন আক্রান্ত হয়েছে কেবল কেরলেই। বেশ কয়েক দিন ধরেই সংক্রমণের নিরিখে শীর্ষে থাকছে কেরল।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সদ্য হওয়া একটি সমীক্ষায় দেখা গেছে কেরলে কোভিড অ্যান্টিবডি গোটা দেশে সব চেয়ে কম, মাত্র ৪৪.৪ শতাংশ। কেরলে কোভিডের এহেন পরিস্থিতি পর্যালোচনা করতে ছয় সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে স্বাস্থ্য মন্ত্রনালয়। পরিস্থিতি কিছুটা সামাল দিতে শনি-রবিবার রাজ্য জুড়ে পুরোপুরি লকডাউন রাখার সিদ্ধান্ত নিয়েছে কেরল সরকার।

