মণীশ শুক্লার অন্তিম যাত্রায় কলকাতা পুলিশের সঙ্গে অশান্তি বিজেপি কর্মীদের

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৫ অক্টোবর: মণীশ শুক্লার অন্তিম যাত্রাতেও অশান্তি শহর কলকাতায়। সোমবার সন্ধ্যেয় এনআরএস হাসপাতাল থেকে মণীশ শুক্লার দেহ বের হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। উত্তেজনা কাটিয়ে বিজেপি কর্মীদের গাড়ি এসএন ব্যানার্জি রোড ছুঁতেই ফের বিজেপি কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় কলকাতা পুলিশের। লালবাজারের কর্তারা বিজেপি নেতাদের জানিয়ে দেন ধর্মতলার দিকে কোনও মতেই যাওয়া যাবে না। ততক্ষণে কলকাতা পুলিশের কাছে খবর পৌঁছে যায় রাজভবনে মণীশ শুক্লার দেহ নিয়ে যাবে বিজেপি নেতৃত্ব।

ধর্মতলার একটু আগেই রাজভবনে মণীশ শুক্লার দেহ যাওয়া নিয়ে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি সাংসদ অর্জুন সিং। তার দেখাদেখি বিজেপি কর্মীরাও এরপর উত্তেজিত হয়ে পড়েন। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। যদিও শেষ পর্যন্ত কলকাতা পুলিশের আধিকারিকদের আপত্তিতে অর্জুন সিং, কৈলাস বিজয়বর্গীয়রা কোনও মতেই মৃতদেহ রাজভবনে নিয়ে যেতে পারেননি।

শেষে বাধ্য হয়ে গোটা পরিস্থিতি রাজ্যপালকে জানাতে অর্জুন সিং কৈলাস বিজয়বর্গীয় রাতেই রাজভবনে যান। রাজভবন থেকে ফিরে কৈলাস বিজয়বর্গীয় জানান, বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। সেই কথাই রাজ্যপালকে বিজেপি জানিয়েছে বলে জানান কৈলাস বিজয়বর্গীয়। উল্লেখ্য, রাতেই রাজ্যপালের কাছে মণীশ শুক্লার বাবা ব্যারাকপুরের পুলিশক কর্তাদের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *