রাজেন রায়, কলকাতা, ৭ ডিসেম্বর: কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বারবারই নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে বিজেপি। কলকাতা পুরভোটে কলকাতা পুলিশের নিরাপত্তা পরিকল্পনা চেয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কলকাতার পুরভোটের নিরাপত্তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চূড়ান্ত রিপোর্ট পাঠাল লালবাজার। এই রিপোর্টের উপর ভিত্তি করেই মঙ্গলবার রাজ্যপালকে চিঠি দেবে কমিশন।
মঙ্গলবার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে নগরপাল সৌমেন মিত্র জানিয়েছেন, তাঁদের তরফে নিরাপত্তা নিয়ে যে প্রস্তাব কমিশনকে দেওয়ার তা ইতিমধ্যেই পাঠানো হয়েছে। নগরপাল নিজেও জানিয়েছেন ভোট করানোর জন্য কলকাতা পুলিশের হাতে পর্যাপ্ত বাহিনী রয়েছে। এই নির্বাচনে নিরাপত্তার যাতে কোনও ঘাটতি না হয়, সেই সমস্ত বিষয়ই দেখা হচ্ছে। সেই অনুযায়ী বাহিনীও তৈরি করা হচ্ছে। নগরপাল সৌমেন মিত্র জানান, আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনে নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের সঙ্গে থাকবে রাজ্য পুলিশও। তবে কলকাতা পুলিশের সঙ্গে রাজ্য পুলিশ কতটা থাকবে সেই বিষয়টিও নির্বাচন কমিশনারের অনুমোদনের উপর নির্ভর করছে।
নগরপাল সৌমেন মিত্র জানান, নির্দিষ্ট কিছু বুথে কলকাতা পুলিশের সঙ্গে থাকবে রাজ্য পুলিশও। পাশাপাশি তিনি জানান, নিরাপত্তা নিয়ে ‘ফোর্স ডিপ্লয়মেন্ট’ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়েছে কমিশনে। কমিশন যেমন নির্দেশ দেবে সেই অনুযায়ীই বাহিনী মোতায়েন করা হবে। শহরবাসীকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন দিতে কলকাতা পুলিশ বদ্ধপরিকর, এদিন সে কথাও জানান সৌমেন মিত্র।
সোমবার সকালেই রাজ্যপাল জগদীপ ধনকর টুইটারে জানান, ৭ ডিসেম্বর রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস তাঁকে কলকাতার পুরভোট নিয়ে ব্যবস্থা কত দূর কী এগোল, তা জানাবেন। সেখানেই রাজ্যপাল আরও একবার মনে করিয়ে দেন, সিআরপিএফ মোতায়েন করেই ভোট করানোর পক্ষে তিনি। মঙ্গলবার রাজভবনে লিখিত আকারে রিপোর্ট পাঠাতে পারেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস।

