দূষণ- বাজি এবং করোনার সংক্রমণ, ত্রিফলা আটকাতে কালীপূজায় সক্রিয় কলকাতা পুলিশ

রাজেন রায়, কলকাতা, ৩১ অক্টোবর: আগামী বৃহস্পতিবার কালীপুজো- দীপাবলিতে ফের মেতে উঠবে রাজ্যবাসী। রাজ্য সরকারের তরফে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ৫, ৬ ও ৭ তারিখ ভাসান। শহরে মোট সর্বজনীন কালীপূজা হচ্ছে ৩২৬০ টি। কালীপুজোয় কলকাতা পুলিশের তরফে নেওয়া হয়েছে কয়েকটি কড়া পদক্ষেপ। পুলিশ মোতায়েন করা হবে ৪ নভেম্বর থেকে। ভাসানের জন্য সব ঘাট, পুকুর, ঝিলে পুলিশ মোতায়েন হবে ৫ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত। মূর্তির গয়না পাহারায় থাকছে বাড়তি পুলিশ মোতায়েন। কলকাতার ৪টে থানা এলাকার দায়িত্বে থাকছেন ২ ডিসি ও ৩ সহকারি কমিশনার।

বাজি নিয়ে হাইকোর্টের আদেশ কার্যকর করতে বিশেষ নজর রাখা হচ্ছে। প্রত্যেক থানায় ৬ জন করে পুলিশ কর্মী এই দায়িত্বে থাকবেন। বাজি ফাটছে কি না নজর রাখবেন তাঁরা। বহুতল থেকেও নজরদারি চলবে।
কালীপুজোর দিন বিকেলে ৪টে থেকে নজরদারি শুরু হবে। ওলিগলিতে অটোয় করে টহল দেবে পুলিশ।
বাজি ফাটানো রুখতে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের নেতৃত্বে লালবাজার থেকে অ্যান্টি ক্রাইম টিম মোতায়েন হবে শহরজুড়ে। বাজি ফাটানো আটকাতে প্রত্যেক ডিভিশনে থাকবে স্পেশাল ফোর্স।

হাসপাতাল ও আশেপাশে বাজি যাতে না ফাটে তা নিয়ে নজরদারিতে আলাদা পুলিশ মোতায়েন থাকবে। সঙ্গে থাকবে পর্যাপ্ত ডিভিশনাল রিজার্ভ ফোর্স। প্রতিমা ভাসানের শোভাযাত্রায় নিষেধ ডিজে সেট, মাইক কিংবা বাজি ফাটানো।

গঙ্গার ২০ টি ঘাটে নজরদারি চলবে। গঙ্গার প্রত্যেক ঘাটে লাইফ সেভিং বোটে ডুবুরি দিয়ে নজরদারি চলবে। রিভার ট্র্যাফিক পুলিশ স্পিড বোট, জেট স্কি দিয়ে নজরদারি চালাবে। প্রত্যেক ঘাটে থাকবে রেসকিউ টিম। বাগবাজার, নিমতলা, বাজা কদমতলা ঘাটে ডিএমজি মোতায়েন থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *