রাজেন রায়, কলকাতা, ২৬ মে: ৪৫ ঊর্ধ্ব নাগরিকদের প্রথম ডোজ বৃহস্পতিবার থেকে বিনামূল্যে দেওয়া শুরু করছে কলকাতা পৌরসভা। কলকাতার ১০২টি ওয়ার্ডেই টিকা দেওয়ার ব্যবস্থা করল কলকাতা পুরসভা। জানালেন পুর প্রশাসক মন্ডলীর সদস্য তথা কাশীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অতীন ঘোষ। বুধবার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয়।
অতীন ঘোষ বলেন, শনিবার থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলেছিলাম। কিন্তু যেহেতু যসের প্রভাব কলকাতায় খুব বেশি পড়েনি। তাই বৃহস্পতিবার থেকেই ৪৫ ঊর্ধ্বদের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার কাজ শুরু করা হবে।
কলকাতায় পুরসভায় যে ১০২টি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখান থেকে দেওয়া হবে এই ভ্যাকসিন। শহরে পুরসভার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে ৫০ জনকে কোভিড টিকা দেওয়া হবে। তবে পুরসভার ভ্যাকসিন নেওয়ার জন্য পুরসভার অ্যাপে নাম নতিভুক্ত করতে হবে। ভ্যাকসিন দেওয়া হবে বেলা দুটো থেকে পাঁচটা পর্যন্ত। নাগরিকরা যাতে বাড়ির কাছের স্বাস্থ্য কেন্দ্রে ভ্যকসিন নিতে পারেন তার জন্য তাঁদের ভ্যাকসিন বুক করার সময় ওয়ার্ড নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি দেওয়া হয়েছে ৮৩৩৫৯৯৯০০০ হোয়াটসঅ্যাপ নম্বর। কলকাতায় চালু রয়েছে অন্যান্য ক্ষেত্রেও টিকাকরণ। তিন সপ্তাহ আগেই শুরু হয়ে ছিল ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের টিকাকরণ।
কিছু দিন আগেই রাজ্যের তরফে ঘোষণা করা হয়, হকার, নিউজ পেপার বিক্রেতা, রিক্সাচালকদের টিকা দেওয়ার কথা। পাশাপাশি গত সপ্তাহে টিকাকরণের কথা ঘোষণা করা হয়, ব্যাঙ্ক কর্মীদেরও। উল্লেখ্য, ভ্যাকসিন না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছিল টিকাকরণ কর্মসূচি। তবে পরিস্থিতি বদলেছে। এখন শহরে ধাপে ধাপে ভ্যাকসিনের একাধিক ডোজ এসে পৌঁছেছে।

