রাজেন রায়, কলকাতা, ২২ ফেব্রুয়ারি: ভোটের আগে রাজনৈতিক সমস্যা নিয়ন্ত্রণে এবং আইন-শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে যাদবপুরে থানার সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত আগেই নিয়েছিল লালবাজার। সেইমতো সোমবার বিকেলে যাদবপুর থানার পাশাপাশি উদ্বোধন করা হল গলফ গ্রিন থানা। সোমবার বিকেলে এই নতুন থানার উদ্বোধন করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন নতুন পুলিশ কমিশনার সৌমেন মিত্র। ফলে এ বার কলকাতার মোট থানার সংখ্যা হল ৭৮।
প্রসঙ্গত এর আগে ও শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনভিত্তিক একাধিক থানাকে ভেঙে থানার সংখ্যা বাড়ানো হয়েছে।
একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা সামলাতে ব্যস্ত থাকতে হয় থানার এক বড় অংশের কর্মীদের, আবার তার পাশাপাশি গোটা এলাকার অপরাধ এবং আইন শৃঙ্খলার বিষয়েও নজর রাখতে হয়। সেই কারণে যাদবপুর এলাকার আইনশৃঙ্খলা সর্বদাই চিন্তার কারণ হয়ে থেকেছে লালবাজারের, যে কথা মাথায় রেখেই ভোটের আগেই যাবদপুর থানাকে দু’টি থানায় ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

দক্ষিণ কলকাতার টালিগঞ্জের জুবিলি পার্ক থেকে বাঘাযতীন পর্যন্ত এলাকা পড়ে যাদবপুরের থানার অন্দরে। নতুন গল্ফ গ্রিন থানার অন্দরে গোটা গল্ফ গ্রিন এলাকা, টালিগঞ্জের কিছু অংশ এবং বিক্রমগড়ের একটা বড় অংশ অন্তর্ভুক্ত হবে। সূত্রের খবর, অদূর ভবিষ্যতে আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও ত্রুটিমুক্ত করতে যাদবপুর, পাটুলি ও নেতাজি নগরের কিছু অংশ মিলিয়ে পৃথক বাঘাযতীন থানা তৈরি করা হতে পারে।

