পুরুলিয়ায় বিজেপি পরিচালিত প্রধানের বিরুদ্ধে অনাস্থা ও বিডিও’র নোটিশ বাতিল কলকাতা উচ্চ আদালতের

সাথী দাস, পুরুলিয়া, ২৪ আগস্ট: বিজেপি পরিচালিত প্রধানের বিরুদ্ধে অনাস্থা ও বিডিও’র নোটিশ বাতিল করল কলকাতা উচ্চ আদালত। কলকাতা উচ্চ আদালতের আইনজীবী অঙ্কিতা দে জানান, বিচারপতি শম্পা সরকারের এজলাসে সেই অনাস্থা প্রস্তাব বাতিল হয়।

প্রসঙ্গত, বিগত পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া ১ নম্বর ব্লকের অন্তর্গত ১০ আসন বিশিষ্ট ডুড়কু গ্রাম পঞ্চায়েতে এককভাবে ৬ টি আসন পায় বিজেপি, ৩ টি আসন পায় তৃণমূল এবং সিপিএম পায় একটি আসন। সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রধান এবং উপপ্রধান হয় বিজেপির। সম্প্রতি বিজেপির ২ জন সদস্য তৃণমূলে যোগদান করলে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তৃণমূলের আসন সংখ্যা হয়ে দাঁড়ায় ৫ টি। এরপরই গত ১১ আগস্ট পুরুলিয়ার ডুঁড়কু গ্রাম পঞ্চায়েতের বিজেপর প্রধানের বিরুদ্ধে তৃণমূল, সিপিআইএম-এর এক সদস্য সহ মোট ৬ জন সদস্য-সদস্যা অনাস্থা প্রস্তাব আনেন। পুরুলিয়া ১ নম্বর ব্লকের বিডিওর কাছে সেই চিঠি জমা পড়ে। শেষ পর্যন্ত বিষয়টি কলকাতা উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। সেই মামলার শুনানিতে বিচারপতি শম্পা সরকারের এজলাসে সেই অনাস্থা প্রস্তাব বাতিল করা হয়।

এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হওয়া লাগলো পুরুলিয়ার বিজেপি শিবিরে। বিজেপি জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা জানান, “আমরা আদালতের নির্দেশকে সন্মান করি। বিজেপি শাসিত জেলার পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি ক্ষমতাবলে দখল করতে চাইছে তৃণমূল। এটা যে অগণতান্ত্রিক তা মহামান্য আদালত বুঝিয়ে দিল।”

জেলা তৃণমূল নেতা নবেন্দু মাহালি বলেন, “আদালত স্থগিতাদেশ দিয়েছে এখন। আমরা আইনজ্ঞের পরামর্শ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *