আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৭ অক্টোবর : তমলুকের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা কর্পোরেশনের ৮৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমান কো-অর্ডিনেটর তথা বিজেপি নেত্রী তিস্তা বিশ্বাস দাসের। দুর্ঘটনায় গুরুতর আহত তিস্তার স্বামী ও মেয়ে। আহতদের কলকাতায় পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ার একটি কলেজ থেকে এমএড এর ফাইনাল সার্টিফিকেট নিয়ে ফেরার সময় তমলুক থানার নিমতৌড়িতে ৪১ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুঘটনাটি ঘটে। এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বিজেপি নেত্রী তিস্তা বিশ্বাস দাস এর। আহত স্বামী ও মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিমতৌড়িতে ৪১নম্বর জাতীয় সড়কে একটি লরির ব্রেক ডাউন হয়। লরির পেছনে থাকা তিস্তা বিশ্বাস দাসের গাড়িটি স্লো করে দাঁড়াতে গেলে পেছন দিন থেকে একটি তেল ট্যাংকার দ্রুত গতিতে এসে তিস্তাদের প্রাইভেট গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে।

ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট গাড়িটি। তিস্তা বিশ্বাস দাস নিজেই গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনায় তাঁর বুকে স্টিয়িরিংটি চেপে যায়। স্থানীয়দের তৎপরতায় গাড়িতে থাকা তিস্তার স্বামী ও মেয়েকে উদ্ধার করা হয়। এরপর তমলুক থানার পুলিশ গিয়ে গাড়িতে আটকে থাকা তিস্তাকে উদ্ধার করে। সবাইকে দ্রুততার সাথে তমলুক জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তিস্তাকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত তিস্তার মেয়ে ও স্বামীকে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার পরে কলকাতায় পাঠানো হয়। এই ঘটনা জানাজানি হওয়ার পর কলকাতায় ৮৬ নং ওয়ার্ডে শোকের ছায়া নেমে আসে।

