কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পদে ব্যাপক রদবদল

ছবি: নতুন সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন।

আমাদের ভারত, কোচবিহার, ১৬ আগস্ট: কোচবিহারে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পদে ব্যাপক রদবদল। সরানো হল কোচবিহারের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়’কে। তার জায়গায় সভাপতি হলেন গিরীন্দ্রনাথ বর্মন। দীর্ঘদিন থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত গিরিনবাবু। গত বিধানসভা নির্বাচনে মাথাভাঙ্গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন।

অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করা হলো উদয়ন গুহকে, এই পদে আগে ছিলেন বিনয় কৃষ্ণ বর্মন। সদ্য প্রাক্তন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়’কে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চেয়ারম্যান করা হয়েছে। জেলার ২ গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে পরিবর্তনের সাথে সাথে জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিত দে ভৌমিক’কে সরিয়ে কৌশিক অধিকারী’কে যুব সভাপতি করা হয়েছে।এছাড়াও বেশকিছু ব্লকের সভাপতি বদল করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতিকালে কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠেছে। একদিকে রবীন্দ্রনাথ ঘোষ অন্যদিকে প্রাক্তন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব নতুন কিছু নয়। এই দ্বন্দ্ব রুখতেই এই পরিবর্তন বলে মনে করছে রাজনৈতিক মহল।
পঞ্চানন অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন ভালো মানুষ হিসেবে রাজনীতিতে পরিচিত। তিনি একসময় তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ছিলেন, এরপর পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিনি কোচবিহারে আন্দোলন গড়ে তোলেন। পরবর্তীকালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তৈরি হয়, শীতলকুচির খলিসামারুতে যেখানে পঞ্চানন বর্মার জন্মস্থান সেখানেও এই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হওয়ার পথে। তবে রাজনীতিতে প্রাক্তন জেলা সভাপতি পার্থপ্রতিম রায় গোষ্ঠীর লোক বলেই পরিচিত গিরীনবাবু। তাই জেলার নেতৃত্বে রাশ পক্ষান্তরে রবীন্দ্রনাথ ঘোষ বিরোধী গোষ্ঠীর হাতেই থাকল বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *