জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ আগস্ট: ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিনটির স্মরণে তিনটি কৃষি আইন, বিদ্যুৎ বিল ২০২০ বাতিলের দাবিতে কর্পোরেট ভারত ছাড়ো কর্মসূচি পালন করল সারা ভারত কিষান ও ক্ষেতমজুর সংগঠন। সোমবার নারায়ণগড় ব্লকের বেলদাতে কৃষি আইনের বিরোধিতা করে কর্পোরেট ভারত ছাড়ো স্লোগানকে সামনে রেখে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিল কেশিয়াড়ি মোড় থেকে শুরু হয়ে সারা বেলদা শহর ঘুরে ট্রাফিক স্ট্যান্ডের সামনে এসে শেষ হয়। কৃষি আইনের বিরোধিতা করে দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে পথ হাঁটেন কৃষক সংগঠনের কর্মী সমর্থকরা।

কৃষিকে কোনওভাবেই কর্পোরেট পুঁজিপতি শ্রেণির হাতে তুলে দেওয়া চলবে না এই দাবিতে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় সংগঠনের পক্ষ থেকে। প্রায় আট মাস ধরে চলা দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সংহতি জানিয়ে অবিলম্বে কৃষি আইন বাতিল ও বিদ্যুৎ বিল ২০২০ বাতিলের দাবি জানানো হয়েছে মিছিল ও পথসভা থেকে। পাশাপাশি মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে বামপন্থীদের কৃষক সংগঠনের অবস্থান বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

