পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ আগস্ট: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কলেজ ছাত্রী তিথি দলুই ও তার পরিবারের সদস্যদের সঙ্গে আজ বিকেলে সাক্ষাত করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই তিথি দলুই এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সুকান্তবাবু।
উল্লেখ্য, আরোও পড়াশোনার জন্য রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে ব্যাঙ্ক ঋণের জন্য আবেদন করেছিলেন তিথি। কিন্তু তা না পেয়ে মানসিক অবসাদে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কলেজ ছাত্রী তিথি দলুই। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপু্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আজ তাঁর সঙ্গে দেখা করে সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, “কাউকে আশা দিয়ে তার আশাকে হত্যা করেছেন। এ পাপ ঈশ্বরও ক্ষমা করবেন না।”
অনুব্রত মণ্ডলের জামিন পাওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত বলেন, তাঁর আর জামিন পাওয়ার আশা নেই।সিবিআই এবার আদালতে বলতে পারে, যার জন্য মুখ্যমন্ত্রী গলা ফাটায় সে কতটা প্রভাবশালী। ফলে, কেষ্ট মন্ডলের যদিও জামিন পাওয়ার আশা ছিল সেটাও গেল।
পাশাপাশি আজ ঘাটাল বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটি বাইক র্যালির আয়োজন করা হয় ডেবড়া ব্লকে। বাইক র্যালির শেষে ডেবড়াচকে একটি পথসভায় রাজ্য সরকারের সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস।

