“Kill Narandra Modi”- প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে মেইল এনআইএ-র কাছে

আমাদের ভারত, ৪ সেপ্টেম্বর:”কিল নরেন্দ্র মোদী” হত্যা করো নরেন্দ্র মোদীকে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির কাছে এসেছে এমনই একটি হুমকির ই-মেইল। এনআই-এর তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়েছে, একটি ইমেল আইডি থেকে এনআইএ বেশকিছু মেইল পেয়েছে। ওই মেইলগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও এজেন্সিকে হুমকি দেওয়া হয়েছে।

info.mum.nia@gov.in আইডিতে এই মেইলগুলো পাঠানো হয়েছে। হুমকির মেইলগুলো এসেছে ylalwani12345@gmail.com থেকে। তার মধ্যে একটি মেইলে লেখা আছে মাত্র তিনটি শব্দ, “কিল নরেন্দ্র মোদী”।

জানা গেছে, ৮আগস্ট এনআইএ-র হাতে ইমেইলটি এসে পৌঁছায়। আর এই ইমেইল প্রকাশ্যে আসার পরই মারাত্মক তৎপর হয়েছে দেশের প্রতিটি নিরাপত্তা এজেন্সি। রাতারাতি বাড়িয়ে দেওয়া হয়েছে হয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা। তবে, এখনও পর্যন্ত এই মেইলের ভেরিফিকেশন করেননি এনআইএ। ৮ আগস্ট রাত দেড়টা নাগাদ এই মেইলটি পায় এনআইএ।

এনআইএ-র কাছ থেকে চিঠি পেতেই নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্রমন্ত্রক।দেশের প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির সঙ্গে বৈঠক করেছেন তারা। এছাড়া রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং-এর প্রতিরক্ষা ক্ষেত্রের গোয়েন্দাদের সঙ্গেও এই নিয়ে আলোচনা করা হয়েছে। সব এজেন্সিকে সতর্ক করা হয়েছে।

প্রাথমিক অনুমান ভারতের বাইরে কোনও জায়গা থেকে এই ইমেইলটি পাঠানো হয়েছে। ইমেইলের আইপি অ্যাড্রেস খতিয়ে দেখা চলছে। জাতীয় সুরক্ষার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে এত বড় হুমকির সামনে পড়তে হয়নি গোয়েন্দাদের। দেশের প্রধানমন্ত্রীকে খুনের ষড়যন্ত্রে কারা জড়িত তা খুঁজে বার করতে আদাজল খেয়ে নেমেছেন গোয়েন্দারা।

এদিকে বৃহস্পতিবার টুইটারের তরফে জানানো হয়েছিল, ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ওয়েবসাইট হ্যাক হয়েছে। হ্যাক করার পর সেখানে একাধিক টুইট করে ফলোয়ারদের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে একটি রিলিফ ফান্ডে অর্থ সাহায্যের অনুরোধ করা হয়েছে। টুইটারে তরফে এক মুখপাত্র ইমেইল বিবৃতিতে জানিয়েছেন তারা এই বিষয়ে তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত জানা যায়নি আর কার কার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করায় ওড়িশার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। সে কটকের বাসিন্দা ও পেশায় এক ক্ষুদ্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছে উত্তর প্রদেশের পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *