বাবার কাছ থেকে টাকা হাতাতে অপহরণের ফন্দি, অশোকনগরে গ্রেফতার ২

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ সেপ্টেম্বর: বাবার কাছ থেকে টাকা হাতাতে অপহরণের ফন্দি আঁটে ছেলে ও তাঁর বন্ধু। তবে শেষ রক্ষা হল না। পুলিশের জালে গ্রেফতার হল ছেলে ও তার বন্ধু। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোনগর থানার দিঘিরহাট গ্রামে। অভিযুক্তদের নাম অনিস গোসাই ও সৌরভ রায়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সমীর গোসাইয়ের ছেলে অনিস গোসাই। শুক্রবার সকাল থেকে নিখোঁজ হয়ে যায় অনিস। শনিবার সকালে তার বাবা সমীরবাবু অশোকনগর থানায় নিখোঁজ ডাইরি করেন। ছেলে হারিয়ে যাওয়ার আতঙ্কে বাড়িতে কান্নাকাটি পড়ে যায়। বিকেলবেলা সমীর গোসাইয়ের মোবাইলে ফোন আসে, তাতে অনিস কাঁদোকাঁদো স্বরে বলে আমাকে একটা অন্ধকার ঘরে আটকে রেখে মারধর করছে, আমাকে বাঁচাও। কিছুক্ষণ পর ফের অন্য একটি নম্বর থেকে ফোন আসে তাতে বলা হয়, রাত ১২ টার মধ্যে হরিপুর মাঠে আড়াই লক্ষ টাকা নিয়ে আসবেন, না আনলে ছেলেকে খুন করে নদীতে ভাসিয়ে দেব। সব ঘটনা অশোকনগর থানায় এসে বলেন সমীর গোসাই।

ফোনের টাওয়ার লোকেশন ধরে তদন্ত শুরু করে অশোকনগর থানায় পুলিশ। একদিকে হরিপুর মাঠে ঘুঁটি সাজিয়ে বসে থাকেন অশোকনগর থানার পুলিশ। অন্যদিকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে সমীরবাবু টাকা সৌরভের হাতে দিতেই অশোকনগর থানার পুলিশ ধরে ফেলে। পুলিশি জেরায় সৌরভ জানিয়েছে, অনিসের আঁটা ফন্দি। তাঁর বাবার কাছ থেকে টাকা হাতাতেই এই ফন্দি এঁটেছিল। রবিবার ধৃতদের বারাসত আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *