আমাদের ভারত, ব্যারাকপুর, ১৭ ফেব্রুয়ারি: ভাটপাড়াতে বিজেপি প্রার্থীকে অপহরণ করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অপহরণ করে ভোটে না লড়ার হুমকি ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ভোট যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভোটের ময়দান।
বুধবার সকাল ১১ টায় বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রঞ্জিত মল্লিককে। তাঁর বাড়ি ওই ওয়ার্ডের স্থিরপাড়া দক্ষিণপল্লী এলাকায়। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বিপিন সাউ ও সুজিত সাউ বাড়ি থেকে তাকে ও তার ভাইকে তুলে নিয়ে যায়। তারপর বালক সংঘ মাঠের কাছে একটি পরিত্যক্ত ঘরে রাতে তাকে আটকে রাখে। সেখান থেকে বিধায়ক সোমনাথ শ্যামের অফিসে নিয়ে গিয়ে জোর করে মুচলেকা লিখিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। তাকে নির্বাচন থেকে সরে আসতে হবে এবং তৃণমূলে যোগ দিতে হবে এই শর্ত দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ বিজেপি প্রার্থী রঞ্জিত মল্লিকের। আর তৃণমূলের সমস্ত হুমকি তিনি মেনে নিয়ে মুচলেকা দিলে তাকে বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হয়।
ছাড়া পেয়ে তিনি তার বাড়ি গিয়ে ফের বাড়ি থেকে বেড়িয়ে বিজেপির দলীয় কার্যালয়ে আশ্রয় নেন। বর্তমানে তিনি আতঙ্কিত বলে সংবাদ মাধ্যমকে জানান। তিনি বলেন, “আমাকে ও আমার ভাইকে তৃণমূলের দুষ্কৃতীরা ধরে নিয়ে গিয়ে আটকে রেখেছিল। সারা রাত খেতে দেয়নি। আমাকে ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে লড়াই না করে বরং তৃণমূলের প্রার্থী তাপস রায়ের হয়ে প্রচার করতে বলা হয়। আর আমাকে এই বিষয়ে মুচলেকা দিতে হয়েছে তারপর ওরা ছেড়ে দিয়েছে। কিন্তু আমার পরিবার আর আমি আতঙ্কে আছি। আমি আমার পরিবারকে রক্ষা করার জন্য ওদের মুচলেকা দিতে বাধ্য হয়েছি। আর ওই মুচলেকাতে বলা আছে আমি অভিমান করে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার সমর্থন আছে তৃণমূল প্রার্থীর প্রতি। আমাকে তৃণমূলে যোগ দিতেও বলা হয়েছে। কিন্তু আমি বিজেপি ছাড়ব না। আমি খুবই আতঙ্কে আছি। আমার প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।”
তবে এই বিষয়ে বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে। সন্দীপ বাবুর অভিযোগ, সন্ত্রাস জারি রেখে ভোট লুঠের খেলায় মেতেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূল বিজেপিকে ভয় পেয়েছে। তাই যত ভোট এগিয়ে আসছে তত সন্ত্রাস করছে।”

অপর দিকে তৃণমূলের বিরুদ্ধে আনা এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল প্রার্থী তাপস বলেন, “আমি এসব কিছুই জানি না। আমি শুধু প্রচার করছি। জন সাধারণের সমর্থন আছে আমাদের সাথে।”

