সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ ফেব্রুয়ারি: অপহরণকারীদের ধাওয়া করে দুই দুষ্কৃতিকে গ্ৰেপ্তার ও অপহৃত ট্রাক চালককে উদ্ধার করে বাঁকুড়ার ছাতনা থানার পুলিশ। এ খবর জানিয়ে আজ বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস সাংবাদিকদের জানান, গত কাল আনুমানিক রাত সাড়ে ১১ টা নাগাদ ছাতনা থানার ঝাঁটি পাহাড়ির পেট্রোল পাম্পের কাছে দুই দুষ্কৃতি (ডাব্লুবি ৩৭ ই ০৩২২ নম্বরের রেজিস্ট্রেশন নম্বর সহ একটি সুইফট ডিজায়ার চালাচ্ছিল) একটি ছোটখাটো দুর্ঘটনার জেরে সামান্য উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে একটি ট্রাক চালককে অপহরণ করে এবং জোর করে পুরুলিয়ার দিকে নিয়ে যায়।
খবর পেয়ে ছাতনা থানার পুলিশ তৎপর হয়। সেই সঙ্গে পুরুলিয়া সদর থানার পুলিশও সহযোগিতা করে, ছাতনা থানার পুলিশের সঙ্গে। ছাতনা থানার এসআই সত্যবান মাহাতার নেতৃত্বে পুলিশের একটি দল তাদের ধাওয়া করে দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে।
ধৃত সৌমজিৎ গোস্বামী পুরুলিয়ার ২২নং ওয়ার্ডের অঞ্জিত বাগানের বাসিন্দা, অপরজন দুলমির (তমনা, পুরুলিয়া) চল্লিশ কোয়ার্টারের আকাশ মিশ্র। আজ ভোর ৩.১৫ নাগাদ পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে তাদের গ্ৰেপ্তার করা হয়। সেই সঙ্গে অপহৃত লরি চালক বাঁকুড়া জেলার মেজিয়ার খাড়গাম কাহিরুল ওরফে কাবুকে উদ্ধার করে।ধৃতদের বিরুদ্ধে ৩৬৩/৩৬৪/৩৬৫ ধারায় মামলা রুজু করেছে ছাতনা থানার পুলিশ।

