জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ আগস্ট: ‘জি ফাইভ’ এর ওয়েব সিরিজ ‘অভয় টু’তে দুষ্কৃতীদের তালিকায় মৃত্যুঞ্জয়ী বীর ক্ষুদিরাম বসুর ছবি রয়েছে। এই ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সারাদেশ তোলপাড়। এই ঘটনার প্রতিবাদে সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পথে নেমেছেন। ছাত্র সংগঠন এআইডিএসও’র পক্ষ থেকে আজ ১৭ আগস্ট সারা দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। তারই অঙ্গ হিসেবে এআইডিএসও খড়গপুর ইউনিটের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন এআইডিএসও পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ভাস্কর পাতর। তিনি বলেন, ‘আপোষহীন ধারার বিপ্লবীদের স্বপ্ন আজও এদেশের ছাত্র-যুবকের বিবেক নাড়িয়ে দেয়।’ আমরা বর্তমানে সমাজ প্রগতির পথকে ত্বরান্বিত করতে উদ্বুদ্ধ হই। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে এইসব চরিত্র আজও বলিষ্ঠ প্রতিবাদ। এই প্রতিবাদী মননকে সমাজ থেকে নির্মূল করতে শাসকের পরিকল্পিত ষড়যন্ত্র। যুগে যুগে শাসকেরা এই ভূমিকায় নিয়েছে কিন্তু এটাই শেষ কথা নয়, বিপ্লবীদের স্বপ্নকে তাই আজও পাথেয় করে এগিয়ে চলেছে এ দেশের বিবেকবান মানুষ। তাই সর্বস্তরের মানুষের কাছে আবেদন, সমাজের সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে দেশের এই সব বড় মানুষের চর্চাকে আরো ঘরে ঘরে নিয়ে যেতে হবে। আরও তিনি বলেন, এইসব আপোষহীন ধারার বিপ্লবীদের ইতিহাস যথার্থভাবে লিখতে হবে, তাহলেই শাসকের এই অপচেষ্টা ব্যর্থ হবে।


