GRP, Khargapur, পঞ্চাশ লক্ষাধিক নগদ টাকা উদ্ধার খড়্গপুর জিআরপির, ধৃত এক যুবক

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ মার্চ: বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হলো খড়্গপুর স্টেশন থেকে। এদিক ওদিক ঘুরতে থাকা এক যুবককে সন্দেহ করে তার ধরার পর তার ব্যাগ থেকে পঞ্চাশ লক্ষেরও বেশি নগদ টাকা উদ্ধার করলো খড়্গপুর জিআরপি। জিআরপির পক্ষ থেকে এস আর পি মিতুন কুমার দে জানিয়েছেন, “ধৃত যুবকের নাম ইব্রাহিম মোল্লা, হুগলি জেলার বাসিন্দা। ওড়িশায় সোনার দোকানে কাজ করতো বলে জানিয়েছে। তার ব্যাগ থেকে নগদ ৫০ লক্ষ ৭৭ হাজার টাকা উদ্ধার হয়েছে৷ তাকে সাত দিনের পুলিশ হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে।”

শুক্রবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে খড়্গপুর স্টেশনের দু’ নম্বর প্ল্যাটফর্মে। ওই প্ল্যাটফর্মে দায়িত্বে থাকা রেল পুলিশের আধিকারিকরা লক্ষ্য করছিলেন এক যুবক পিঠে কালো একটি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করছে। বেশ কিছুক্ষণ তাকে লক্ষ্য করার পর সন্দেহজনক মনে হওয়ায় ওই যুবককে আটক করেন রেল পুলিশের আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন৷ ওই সময় তার ব্যাগ পরীক্ষা করতেই সেখান থেকে বেরিয়ে আসে নগদ ৫০ লক্ষ ৭৭ হাজার টাকা। তা দেখেই চোখ কপালে ওঠার পরিস্থিতি হয়। টাকার উৎস জানতে চাওয়া হয় ওই যুবকের কাছে। যুবক ওই টাকার উৎস বা টাকা কোথা থেকে পেয়েছে তার সঠিক তথ্য দিতে পারেনি। শুধু জানিয়েছে সে ওড়িশার বেহারামপুর এলাকায় একটি সোনার দোকানের কর্মী। ওই যুবকের সমস্ত কথাবার্তা মিলিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। তবে বেশিরভাগ কথার মধ্যে রয়েছে অসঙ্গতি। তাকে আদালতে তোলার পর সাত দিনের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *