পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: চোলাই কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন খড়্গপু্র শহরের গৃহবধূ বাসন্তী দাস। সেই খবর করেছিলেন সাংবাদিক দেবমাল্য বাগচী। সেই চোলাই কারবারিদেরই করা মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করেছে গৃহবধূ বাসন্তী দাস ও সাংবাদিক দেবমাল্য বাগচীকে। শনিবার এই দু’জনের মুক্তির দাবিতে খড়্গপু্র শহরের ইন্দা এলাকায় প্রতিবাদে ফেটে পড়েন খড়্গপু্র নাগরিক সমাজ। খড়্গপু্র শহরের সাধারণ নাগরিক সহ শহরের শিক্ষক, অধ্যাপক, শিল্পী, সাহিত্যিক আবৃত্তিকাররা এই সভায় উপস্থিত ছিলেন।

অধ্যাপক সেখ আসলাম, সাহিত্যিক কামারুজ্জামান, লেখক মৃণাল শতপথি, সাংবাদিক নরেশ জানারা বলেন, দেবমাল্য বাগচী ও বাসন্তী দাসকে গ্রেফতার করে পুলিশ চোলাই মদের কারবারকেই মদত দিচ্ছে। পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করে নরেশ জানা বলেন, “সুপ্রিম কোর্টের যেখানে নির্দেশ রয়েছে যে দিনের আলো ছাড়া মহিলাদের গ্রেফতার করা যায় না, সেখানে বাসন্তী দাসের বাড়িতে পুলিশ ভোর পাঁচটায় হানা দেয়। দেবমাল্যর বাড়িতে পুলিশ রাত ৩ টেয় হানা দিয়েছে। কেন? দেবমাল্য বাগচী কী সমাজ বিরোধী?”

সভায় আবৃত্তিকার আবৃত্তি করেন, গায়করা গান গেয়ে প্রতিবাদ করেন। এদিন খড়্গপু্র নাগরিক সমাজের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেবমাল্য বাগচী ও বাসন্তী দাস যেদিন জামিন পাবেন সেদিন বীরের মর্যাদায় শহরে আনা হবে। পাশাপাশি চোলাই কারবারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

