খড়্গপুরে বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন, দমকলের ৬টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ আগস্ট: সোমবার সকালে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে একটি বিস্কুট কারখানায় বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা যায়,খড়্গপুর শহরের মালঞ্চ এলাকায় থাকা একটি বিস্কুট কারখানা থেকে হঠাৎই কালো ধোঁয়া দেখতে পায় কারখানার কর্মী ও স্থানীয়রা। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে বাড়ি থেকে বেরিয়ে আসে সাধারণ মানুষ।

জানাযায়, এদিন সকাল নাগাদ হঠাৎই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ। বিধ্বংসী আগুন ও গল গল করে ধোঁয়া বেরতে দেখা যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন সকলে। কারখানায় কর্মরত কর্মীরা প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসে কারখানা থেকে। তবে ঠিক কি কারণে আগুন লাগল তা জানা যায়নি। খবর পেয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে আসে দমকলের ছটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালায় তারা।

প্রসঙ্গত, এই বিস্কুট কারখানায় পাশেই ছিল একটি পেট্রোল পাম্প। তার পাশে গোডাউনও। এছাড়াও এই বিস্কুট কারখানা আশপাশে রয়েছে জনবসতি, ব্যাঙ্ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররা। তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল আধিকারিকরা। আগুনের লেলিহান শিখায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *