সরকারি ছুটি থাকলেও খোলা রইল ঘাটালের খাঞ্জাপুর ইউনিয়ন হাই স্কুল, ক্ষুব্ধ আদিবাসী নেতা

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: বিরসা মুন্ডার জন্মদিনে রাজ্য সরকার ছুটি ঘোষণা করলেও, এই নির্দেশিকা না মেনে খোলা রইল স্কুল। ঘাটালের খাঞ্জাপুর ইউনিয়ন হাই স্কুলের ঘটনা।
স্কুল কর্তৃপক্ষের সাফাই, আগামীকাল স্কুলে হবে। দুয়ারে সরকার কর্মসূচির জন্য স্কুলের পঠন পাঠন বন্ধ থাকবে, তাই আজ স্কুল খোলা।

সরকারি নির্দেশিকা অমান্য করায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার ইঙ্গিত অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শকের। স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে ধিক্কার জানিয়েছে আদিবাসী নেতা মনোরঞ্জন মুর্মু। এই দিন ওই স্কুলে অন্যান্য দিনের মতোই চলছে স্বাভাবিক পঠন-পাঠন। স্কুলের ছাত্র ছাত্রীরা জানিয়েছে, স্বাভাবিক পঠন পাঠন হয়েছে এই দিন। অবশ্য পরে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়।

সরকারি নির্দেশিকাকে অমান্য করে আজ স্কুল খুলে রাখা নিয়ে স্কুলের প্রধান শিক্ষক জানান, আগামীকাল স্কুলের মধ্যেই হবে দুয়ারে সরকার কর্মসূচি তাই পঠন-পাঠন বন্ধ থাকবে কাল। সেজন্যই আজ স্কুল খুলে রাখতে বাধ্য হয়েছেন তিনি।

কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বিশেষ গুরুত্ব দিয়ে মহান বিরসা মুন্ডার জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করেছেন সেখানে স্কুল কর্তৃপক্ষ কিভাবে সেই নির্দেশিকা অমান্য করতে পারে? এই ঘটনায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সহ সাধারণ মানুষ ক্ষুব্ধ।

অপরদিকে স্কুল খুলে রাখা নিয়ে অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক মানবেন্দ্র ঘোষ জানিয়েছেন, স্কুলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *