আইএসআই’য়ের মদতে বাড়ছে খালিস্থানি কার্যকলাপ! “র” এর দায়িত্বে আসছেন পাক বিশেষজ্ঞ রবি সিনহা

আমাদের ভারত, ১৯ জুন: ইদানিং পাঞ্জাবে খালিস্থানপন্থীদের কার্যকলাপ অত্যাধিক বেড়েছে। অস্ট্রেলিয়া ব্রিটেন ও কানাডাতেও অতি সক্রিয় হয়ে উঠেছে এই শিখ বিচ্ছিন্নতাবাদীরা। মনে করা হচ্ছে এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে আইএসআই। আর এই পরিস্থিতিতে এবার গুপ্তচর সংস্থা রিসার্চ এন্ড অ্যানালেসিস উইং অর্থাৎ “র” এর নতুন প্রধান হিসেবে নিয়োগ করা হলো রবি সিনহাকে। তিনি পাকিস্তান বিশেষজ্ঞ হিসেবেই খ্যাত। দুঁদে এই আইপিএস অফিসার ছত্তিশগড় ক্যাডারের ১৯৮৮ ব্যাচের আধিকারিক।

“র” এর দায়িত্ব পাওয়ার আগে তিনি ক্যাবিনেট সেক্রেটারিয়েট স্পেশাল সেক্রেটারির দায়িত্বে ছিলেন। প্রায় দু’ দশক ধরে “র” এর সাথে জড়িয়ে রয়েছেন। সাত বছর গুপ্তচর সংস্থাটির অপারেশনাল বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন। জম্মু-কাশ্মীরকে নিজের হাতের তালুর মত চেনেন সিনহা। পাঞ্জাব নিয়েও কাজ করেছেন। অপারেশনাল বিভাগে থাকার দরুন একেবারে ময়দানের হাল হকিকত তার নখ দর্পণে।

সেই রবি সিনহাকেই মন্ত্রিসভার নিয়োগ কমিটি আগামী দু’ বছরের মেয়াদে “র”এর প্রধান হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। সামন্ত কুমার গোয়েলের স্থলাভিসিক্ত হচ্ছেন তিনি। চলতি বছরে ৩০ শে জুন “র” এর প্রধান হিসেবে কাজের মেয়াদ আছে সামন্ত কুমার গোয়েলের। তারপর দু’বছরের জন্য দায়িত্ব নেবেন সিনহা।

সাম্প্রতি ইন্দিরা গান্ধীর খুনের ঘটনা নিয়ে কানাডায় ট্যাবলো বের করেছিল খাদিস্তানিরা। আমেরিকায় রাহুল গান্ধীর সভাতে অশান্তি সৃষ্টি করে শিখ বিচ্ছিন্নতাবাদীরা। কানাডায় হিন্দু বিরোধী বা ভারত বিরোধী ঘৃণা ছড়ানোর চেষ্টা হচ্ছে বলেও খবর। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর মদতেই এই সব হচ্ছে বলে মনে করছেন অনেকে। এই পরিস্থিতিতে পাকিস্তান বিশেষজ্ঞ রবি সিনহাকে দায়িত্ব দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *