স্নেহাশীষ মুখার্জী, আমাদের ভারত, নদিয়া, ১৪ এপ্রিল: তৃণমূলের এবারের বিধানসভা নির্বাচনের স্লোগান দেশের বাইরে থেকে ধার করা। চার বছর আগে বাংলাদেশের আওয়ামী লিগের এক নেতা ‘খেলা হবে’ খেলা হবে শ্লোগান দিয়েছিলেন। নন্দীগ্রামে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এদেশের খালেদা জিয়া। কিন্তু, নেত্রী খালেদা জিয়া হেরে গেছেন। রানাঘাট উত্তর পশ্চিম এর বিজেপির প্রার্থী পার্থসারথি চ্যাটার্জি ও শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে ফুলিয়ায় একথা বলেন শুভেন্দু অধিকারী।
সোমবার শান্তিপুর ব্লকের ফুলিয়া রঙ্গমঞ্চের মাঠে বিজেপির এক জনসভায় এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে
তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের উন্নয়নের কথা নেই বলছেন খেলা হবে। তৃণমূলের যত শ্লোগান সব বাংলাদেশ থেকে ধার করা। জয় বাংলা শ্লোগান ছিল মুজিবর রহমানের, সেটা এখন তৃণমূলের শ্লোগান। যুবকদের কর্মসংস্থান এবং
সিভিক বলান্টিয়ারদের বেতন নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, সিভিক ভলান্টিয়ারদের বেতন এত কম যে তাঁরা ভালো পাত্রী পাচ্ছে না। শুধুই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোটের আগে দুয়ারে সরকার। তৃণমূল নেত্রী বলছেন চিন্তা নেই এবার থেকে রেশনে আর লাইন দিতে হবে না, বাড়িতেই পৌছে যাবে। শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, এই সরকারের সব কিছুতেই তোলাবাজি। এখানেও দেখবেন তোলাবাজি। তাঁর প্রশ্ন, রেশনে এবার ১০০ গ্রাম করে কম থাকবে না তো? আসলে এটা তৃণমূলের স্কিম– প্রাইভেট লিমিটেড কোম্পানির স্কিম।
শুভেন্দু অধিকারীকে একনজর দেখার জন্য হেলিপ্যাড প্রাঙ্গণে সাধারণ মানুষের ভিড় যথেষ্ট লক্ষ্য করা যায়। হেলিকপ্টার থেকে নেমে শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের সাথে হাত মেলান। এর পরেই বিজেপির আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। মঞ্চে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিজয়ী প্রার্থী জগন্নাথ সরকার, রানাঘাট উত্তর পশ্চিম এর বিজেপি প্রার্থী পার্থ সারথি চ্যাটার্জি, এছাড়াও অন্যান্য বিজেপির নেতৃত্ব। স্বভাবতই বিজেপির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতির আগেই প্রশাসনিক তৎপরতা ছিল যথেষ্ট এছাড়াও গোটা ফুলিয়া চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়।

