পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার ভগবানপুর এক নম্বর অঞ্চলের কেটিয়াখাল এবং শিলাবতী নদীর উপর থাকা তিনটি কাঠের সেতু জলের তলায়। এলাকার সাধারণ মানুষ এবং স্কুল কলেজ যাওয়া ছাত্র-ছাত্রীদের করুণ অবস্থা।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিনের টানা বৃষ্টির জেরে জলস্তর বাড়তে শুরু করেছে কেঠিয়াখাল আর শিলাবতী নদীর। যার ফলে জলে ডুবে গিয়েছে কাঠের সেতুগুলি। সমস্যায় পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষসহ স্কুল কলেজ পড়ুয়া ও ছাত্র ছাত্রীদের। কৃষ্ণপুর থেকে চৈতন্যপুর (কেঠিয়াখাল) এবং চৈতন্যপুর থেকে কেসে ডাল (শীলাবতী নদী) যাওয়ার জন্য নদী পারাপার করতে একমাত্র ভরসা নৌকা। ওই এলাকার সাধারণ মানুষজন ঝুঁকি নিয়েই নৌকার উপর সাইকেল ও মোটরবাইক চাপিয়ে পারাপার করেন। অপরদিকে ঘোষকিরা থেকে ক্যাসেডাল(শিলাবতী নদী) যাওয়ার জন্য নদী পারাপার করতে নেই কোনো নৌকার ব্যবস্থা। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে ওই দুটি গ্রামের মানুষ সহ আশেপাশের সাধারণ মানুষদের। সবমিলিয়ে একেবারে নাজেহাল অবস্থা ওই এলাকার মানুষজনদের।

এলাকার মানুষের কংক্রিটের সেতুর দাবি দীর্ঘদিনের। তারা তাদের দাবি জানায় ভগবন্তপুর এক নাম্বার গ্রাম পঞ্চায়েতে। ঘটনাস্থলে আসেন ভগবন্তপুর এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান আশরাফুল মল্লিক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সাধারণ মানুষের দাবি শুনেছি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো।

