আমাদের ভারত, বীরভূম, ২ মার্চ: “কেষ্টদার কথা নেরি কুকুরের লেজের মতো। একটু ধরে সোজা করে দেবেন। আবার বেঁকে যাবে। কেষ্ট মণ্ডলই যথেষ্ট বীরভূমে তৃণমূলকে কবর দেওয়ার জন্য”। মঙ্গলবার রামপুরহাটে রোড শো শেষে একথা বলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়।

দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। তার আগে বিভিন্ন এলাকায় দলের সমর্থনে ঝড় তুলতে সভা, রোড শো চলছেই। এদিন বীরভূমের রামপুরহাট শ্রীফলা মোড় থেকে হুডখোলা গাড়িতে বিজেপির মিছিল বের হয়। মধ্যমণি ছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী চট্টোপাধ্যায়। রামপুরহাট শহর পরিক্রমার পর রামপুরহাট পাঁচমাথা মোড়ে পথসভার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হন দু’জনে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শোভনবাবু বলেন, “কেষ্টদার (অনুব্রত মণ্ডল) ভাষার জন্য তৃণমূল বীরভূমে শেষ হচ্ছে। ওর মাথায় যখন অক্সিজেন যায় না তখন ভুলভাল বকেন। বীরভূমে তৃণমূলকে কবর দেওয়ার জন্য কেষ্টদাই যথেষ্ট”।

এদিনের রোড শোতে জমায়েত নিয়ে খুশি শোভনবাবু। তিনি বলেন, “রোড শোতে মানুষ যেভাবে অভিবাদন জানিয়েছেন তাতে প্রমাণ হল তৃণমূল কংগ্রেস তাদের পথ হারিয়েছে। আমি বীরভূমে বহুবার এসেছি। আমি তৃণমূলের মন্ত্রীসভার সদস্য ছিলাম। কিন্তু এদিনের জমায়েত এবং বাড়ির ছাদ থেকে মানুষের অভিবাদন বুঝিয়ে দিয়েছে পঞ্চায়েত নির্বাচনে ভোট লুটের জবাব মানুষ দেবেন। এখানকার জেলা সভাপতি যেভাবে মানুষের উপর অত্যাচার করছেন। আর দলনেত্রী তাকে পুরস্কৃত করছেন। আর মানুষ ব্যালটের মাধ্যমে তাদের তিরস্কার করবেন। আগামী ২মে দেখবেন বীরভূমে তৃণমূলের বাক্স ফাঁকা। বিজেপির বাক্স উপচে পড়ছে”। বেহালায় নির্বাচনে দাঁড়াবেন কিনা প্রশ্নে শোভনবাবু বলেন, “আমার দাঁড়ানোটা বড় নয়। দলকে ক্ষমতায় আনাই আমার লক্ষ্য”।

