দীর্ঘ ৫ বছর পর বোর্ড গঠন হল কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: অবশেষে পঞ্চায়েত বোর্ড গঠিত হল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে। দীর্ঘ ৫ বছর বোর্ডহীন থাকার পরেও জয়ী সদস্যদের গ্রেপ্তারি, দল বদল, কোর্ট কেসকে কেন্দ্র করে সমস্যায় জর্জরিত ছিল কেশিয়াড়ি। সোমবার বিশাল পুলিশ বাহিনী ও প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে পঞ্চায়েত বোর্ড গঠন সম্পন্ন হল। প্রত্যাশা মতোই বোর্ড গঠন করলো তৃণমূল কংগ্রেস।

২০১৮ সালে বিগত পঞ্চায়েত নির্বাচনে কেশিয়াড়িতে সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। কিন্তু এই ৫ বছরের মধ্যেও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়নি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে। তৃণমূল-বিজেপি টানাপোড়েন, হাইকোর্টে মামলা, দলবদল সব মিলিয়ে সরগরম থেকেছে স্থানীয় রাজনীতি৷ পঞ্চায়েত সমিতির ২৫টি আসনের মধ্যে ১৩টিতে জিতেছিল বিজেপি ও বাকি ১২টিতে তৃণমূল কংগ্রেস, তারপর ছিল আদালতের নির্দেশ, কিন্তু বোর্ড গঠন হয়নি। বিজেপি সেইজন্য আঙুল তুলেছিল শাসক দল তৃণমূলের দিকেই।
এবারের নির্বাচনে ২৭টি আসনের মধ্যে ২৩টি আসনে জয় লাভ করে তৃণমূল। কিন্তু তার পরেও গত ১০ আগস্ট বোর্ড গঠন ভেস্তে যায়। সমিতির সভাপতি হিসাবে ফটিক পাহাড়ি ও উত্তম শিট, দুইজনেরই নাম উঠে আসে। যা কেন্দ্র করে বিভাজন ঘটেছে সদস্যদের মধ্যে। ফটিক সহ ১৫ জন জয়ী তৃণমূল সদস্য হাইকোর্টে মামলা করেন। তারপর ফের পট পরিবর্তন। ২০১৭ সালে ডাডরা গ্রামের বাসিন্দা তৃণমূলের অঞ্চল সভাপতি মৃত্যুঞ্জয় ওরফে ঝাড়েশ্বর সাঁতরার খুনের ঘটনায় দিঘা থেকে ফটিক পাহাড়িকে গ্রেপ্তার করে সিআইডি। তিনি ছাড়াও আরও ২ জন জয়ী তৃণমূল সদস্য গ্রেপ্তার হন। দল থেকে বহিষ্কৃত হন ফটিক।

ইতিমধ্যে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির দুই বিজেপি সদস্য অভিজিৎ দাস, ঝর্ণা সিট গত ২৫ আগস্ট দলত্যাগ করে তৃণমূলে যোগদান করেন৷ তৃণমূলের আসন হয় ২৫টি। ফলে সোমবার স্বাভাবিক ভাবেই কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করেছে তৃণমূল। আজকের এই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পর এলাকার স্থানীয় বিধায়ক পরেশ মুর্মু জানান যে, বিগত পঞ্চায়েত সমিতির সময় বিজেপি হাইকোর্টে মামলা করে। ফলে আইনি জটিলতায় বোর্ড গঠন সম্ভব হয়নি। এবার আমরা একক সংখ্যাগরিষ্ঠ হ‌ওয়ায় আমরা আমাদের নির্বাচিত সদস্যদের নিয়ে দলের রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী সর্ব সম্মতিক্রমে সভাপতি এবং সহ সভাপতি নির্বাচিত করেছি। আমরা জেলা প্রশাসন এবং আমি নিজে কেশিয়ারির উন্নয়নের জন্য প্রায় দেড় কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ করা হয়েছে। আগামী দিনে সবার সহযোগিতা নিয়ে আরও কাজ হবে।

আজকের এই বোর্ড গঠনের সময় উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, জেলা চেয়ারম্যান দীনেন রায়, স্থানীয় বিধায়ক পরেশ মুর্মু, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য কল্পনা সিট সহ অন্যান্য নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *