আমাদের ভারত, ২৬ ডিসেম্বর: আত্মরক্ষার অধিকার সবার আছে। তাই আত্মরক্ষার জন্য নিজের ঘরে ধারালো অস্ত্র রাখুন। হিন্দুদের এমনই পরামর্শ দিয়েছেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। তাঁর মতে হিন্দুদের উপর হামলা চালানো হলে নিজেদের বাঁচাতে এবং আত্মসম্ভ্রম বজায় রাখতে হামলাকারিকে যোগ্য জবাব দেওয়ার অধিকার রয়েছে তাদের।
রবিবার কর্নাটকের শিবমোগায় একটি হিন্দুত্ববাদী সংগঠনের সম্মেলন ছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রজ্ঞা বলেন, “আপনাদের ঘরে অস্ত্র রাখুন যদি কিছু না থাকে তাহলে অন্তত সবজি কাটার ছুরিতে শান দিন। প্রত্যেকেরই আত্মরক্ষার অধিকার রয়েছে। যদি কেউ আমাদের ঘরে ঢুকে আক্রমণ করে তাদের যোগ্য জবাব দেওয়ার অধিকার রয়েছে আমাদের।”
হিন্দু জাগরণ বেদিক এর দক্ষিণাঞ্চল শাখার বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রজ্ঞা। সেখানে নিজের বক্তব্যে সংখ্যালঘু সম্প্রদায়ের নাম না করে তাদের আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, “ওদের লাভ জিহাদ ছাড়া আর কিছুই নেই। ওদের ওই পরম্পরাই রয়েছে। ওরা ভালবাসলেও জিহাদ করে। আমরাও ভালোবাসি তবে আমাদের ভালোবাসা ঈশ্বরের প্রতি।”
বিজেপি সাংসদের আরোও দাবি সন্তানদের মিশনারি স্কুলে পাঠিয়ে নিজেদের পায়ে কুড়ুল মারছেন দেশের বহু মা-বাবা। সেইসব অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “নিজেদের জন্য বৃদ্ধাশ্রম এর দরজা খুলছেন আপনারা। এতে আপনার সন্তান আর আপনার সংস্কৃতি মানবে না। তারা স্বার্থপর হয়ে বৃদ্ধাশ্রম এর প্রথায় বেড়ে উঠবে।” অভিভাবকদের প্রতি তার পরামর্শ, ঘরে পূজা পাঠ করুন। ধর্ম শাস্ত্র পড়ুন। আপনার সন্তানদেরও এই বিষয়ে শিক্ষা দিন, যাতে তারা আমাদের সংস্কৃতি এবং মূল্যবোধ সম্পর্কে জানতে পারে ও তার মধ্যে বেড়ে ওঠে।

