আমাদের ভারত, ১১ জুন: বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপুর শর্মাকে নিয়ে বিতর্কিত ভিডিও বানিয়েছেন কাশ্মীরের ইউটিউবার ফয়জল ওয়ানি। বিতর্কিত ভিডিও বানানোর কারণে তাকে গ্রেফতার করেছে জম্মু কাশ্মীর পুলিশ।
যদিও ভিডিও নিয়ে বিতর্ক তুঙ্গে উঠতেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন কাশ্মীরের এই ইউটিউবার। কিন্তু তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইউটিউবে ডিপ পেইন ফিটনেস নামে একটি চ্যানেল আছে ফয়জলের। প্রয়োজনে গ্রাফিক্সের কাজ করেন তিনি। সম্প্রতি একটি গ্রাফিক্স ভিডিও তৈরি করেন তিনি। সেখানেই তলোয়ার দিয়ে নুপুর শর্মার মুন্ডচ্ছেদ করা হচ্ছে এমন দৃশ্যের গ্রাফিক্স দেখানো হয়। নেট মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়তেই প্রবল সমালোচনার মুখে পড়তে হয় কাশ্মীরের এই ইউটিউবারকে।
শেষমেষ তারই বিতর্কিত ভিডিওর জন্য প্রকাশ্যে ক্ষমা চান তিনি। শনিবারই একটি ভিডিও প্রকাশ করে তিনি বলেন, ভিডিওটি যে এইভাবে ভাইরাল হয়ে যাবে ভাবতে পারিনি। কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কাউকে আঘাত করার জন্য ভিডিওটি করিনি। এই ঘটনায় কেউ আঘাত পেলে আমি ক্ষমাপ্রার্থী। ফয়জল জানান, ভিডিওটি তিনি মুছে ফেলেছেন। কিন্তু তার ওই বিতর্কিত ভিডিওয়ের জন্য গ্রেফতার হয়েছেন ফয়জল।

