হিন্দু না হলে মন্দিরের সামনে গাড়ি রাখা যাবে না, নির্দেশ জারি কর্নাটকের মন্দিরে

আমাদের ভারত, ৩০ আগস্ট: কর্ণাটকের ম্যাঙ্গালুরুর পুট্টুর মহালিঙ্গেশ্বর মন্দির কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছে, ওই মন্দিরের বাইরে কেবলমাত্র হিন্দুরাই গাড়ি রাখতে পারবেন। সেখানে কোনও অ-হিন্দু গাড়ি রাখতে পারবেন না। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলেও মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সবার মত নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেকোনো রকম অপ্রিতীকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মন্দিরের সামনে ভবিষ্যতে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই এই নিয়ম চালু করেছে মন্দির কমিটি। মন্দিরের সামনে রয়েছে একটি বড় মাঠ। সেই মাঠে বড় বড় অক্ষরে নির্দেশ লিখে টাঙিয়ে দেওয়া হয়েছে। এতদিন সেই মাঠে গাড়ি রাখত মন্দিরে আসা ভক্ত বা আশেপাশে অন্য কাজে আসা মানুষরাও। কিন্তু এখন থেকে আর সেটা হবে না।

মন্দির কমিটির প্রধান কেশব প্রসাদ মুলিয়া জানিয়েছেন, মন্দির কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এরপরেও যদি কেউ গাড়ি রাখার অনুরোধ নিয়ে আসেন তাহলে আমরা সেই অনুরোধ ভেবে দেখব। মন্দির চত্বরে যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। তার কথায়, অনেক সময় দেখা যায় ভক্তরা গাড়ি রাখার জায়গা পান না। অথচ অন্য ধর্মের মানুষ যারা অন্য কাজে এলাকায় এসেছেন তাদের গাড়িতেই মাঠ ভরে যায়। সেই পরিস্থিতি যাতে আর না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত।

ঘটনার নিন্দা করেছে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শকুন্তলা শেট্টি। তার কথায় এই সিদ্ধান্ত সমর্থনযোগ্য নয়। অন্য ধর্ম বিশ্বাসের মানুষও অনেক সময় মন্দিরে এসে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *