কর্নাটকে হিজাব বিতর্ক! মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাকে নিষেধাজ্ঞা আদালতের

আমাদের ভারত, ১০ ফেব্রুয়ারি: কর্নাটকে হিজাব নিয়ে চলা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পড়ুয়াই ধর্মীয় পোশাক পরে কলেজে প্রবেশ করতে পারবে না। বৃহস্পতিবার মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে কর্ণাটক হাইকোর্ট। আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে ১৪ ফেব্রুয়ারি সোমবার।

হিজাব নিয়ে সরকারি নির্দেশিকার বিরুদ্ধে আদালতে একটি মামলা চলছে। হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি চলছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করার আগে প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি বলেন, কর্ণাটকের কলেজগুলি খোলা যেতে পারে। তবে যেহেতু এখন বিষয়টি আদালতে বিচারাধীন তাই পড়ুয়ারা কোনওরকম ধর্মীয় পোশাক পরে কলেজে প্রবেশ করতে পারবেন না।

এছাড়াও, সংবাদমাধ্যমের উদ্দেশ্যেও আদালত বলেছে। শুধু মুখে কথা শুনে কোনওরকম প্রতিবেদন না করার জন্য নির্দেশ দিয়েছে। আদালত পড়ুয়াদের সঙ্গে আচরণে সংযম বজায় রেখে আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে।

কর্নাটকের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রতি ছাত্রীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর আরও কয়েকটি স্কুল মুসলিম ছাত্রীদের হিজাব পড়ে ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ ওঠে। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলো কর্নাটকের ৫ ছাত্রী। সেই মামলার শুনানি হয় আজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *