জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে করলা নদী সাফাই অভিযান

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৪ আগস্ট: করলা নদী সাফাইয়ে বের হয়ে হতবাক জলপাইগুড়ি পুরসভা। দিনবাজারের করলা নদীতে মাছ বাজার থেকে ফেলে দেওয়া থার্মোকলের পাহাড়। পুর কর্তৃপক্ষের উদ্যোগে সোমবার থেকে বাজার সংলগ্ন নদী ও নদীর পার্শ্ববর্তী এলাকা সাফাই অভিযান শুরু করল পুর কর্মীরা। চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল ও স্থানীয় কাউন্সিলরের প্রতিনিধির উপস্থিতিতে চলল সাফাই অভিযান। এখন থেকে নিয়মিত সাফাই অভিযান চলবে বলে দাবি পুর কর্তৃপক্ষের।

জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে গিয়েছে করলা নদী, যাকে টেইমস নদীর সঙ্গে তুলনা করা হয়। প্রতিদিন নদী দূষণের মাত্রা বাড়ছে। নদী দূষণের আঁতুরঘর হলো দিনবাজার। অভিযোগ, বাজারের অবশিষ্টাংশ নোংরা, মাছ বাজারে ব্যবহৃত থার্মোকল নদীতে ফেলা হচ্ছে। সেই থার্মোকল নদীতে গিয়ে মিশছে। এর জেরে নদী দূষণ বাড়ছে। সঙ্গে বাজার সংলগ্ন এলাকা নোংরা হচ্ছে বলে অভিযোগ। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের ভিতরে
পুরসভার ভ্যাট নিয়মিত পরিস্কার করা হয় না। এর জেরে বাধ্য হয়ে ভ্যাটের বাইরে নোংরা ফেলছেন ব্যবসায়ীরা।

যদিও পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল বলেন, “বাজারের ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে করলা নদী দূষণ করা যাবে না। আজ থেকে সাফাই অভিযান চলছে। নিয়মিত সাফাই অভিযান করা হবে। নদীকে বাঁচাতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *