স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ জুলাই: শাসকদল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দলের জেরে উত্তাল হল নদিয়ার করিমপুরের-১নং ব্লক। ঘটনায় পুলিশের গাড়ি ভাঙ্গচুরের পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়ি ও তার গাড়ি ভাঙ্গচুর করা হয় বলে অভিযোগ।
স্থানীয় সুত্রে জানাগেছে, গতকাল সন্ধ্যায় করিমপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় করিমপুর-১ নং ব্লকের গোপাল পাড়া গ্রামে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা ও রক্তদান শিবিরের উদ্দেশ্যে দলের সদস্যদের ডেকেছিলেন। অভিযোগ, সভাস্থলে বিধায়কের অনুগামীরা আসার পর তৃণমূলের অপর আরেক গোষ্ঠী বিধায়কের অনুগামীদের উপর হামলা চালায়। এরফলে দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি ও ইটবৃষ্টি শুরু হয়ে যায়। পরিস্থিতি দেখে উপস্থিত গুটিকয়েক পুলিশ সামাল দিতে আসলে পুলিশের উপর তারা চড়াও হয় বলে অভিযোগ। পুলিশ কর্মী আহত হওয়ার পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙ্গচুর করা হয়।
এছারাও অভিযোগ ওঠে যে, বিধায়কের অনুগামীরা তৃণমূল ছাত্রপরিষদের সদস্যদের প্রথমে মারধর করে। তারা শুধুমাত্র প্রতিবাদ করেছে।
তৃণমূল ছাত্র পরিষদের করিমপুর-১নং ব্লকের অঞ্চল সভাপতি রীতেন্দ্র বিশ্বাস বলেন, “এলাকাতে দলের রক্তদান শিবিরে ডাক পায়নি তৃণমূল ছাত্র পরিষদ। যেহেতু দলের অনুষ্ঠান তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ভেবে তারা প্রবেশ করতে গেলে ব্লকের কিছু দুষ্কৃতি যারা বিধায়কের অনুগামী বলে পরিচিত তারা আচমকা আমাদের ছেলেদের উপর হামলা চালা বাঁশ লাঠি ও লোহার রড দিয়ে। এতে আমদের ৩৫টা ছেলে আহত হয়। আমার মাথায় ৪টে সেলাই পড়ে।
এই ঘটনার পর দলের তরফে ঘটনাস্থলে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বিধায়ক বিমলেন্দু সিংহ রায় গেলে ছাত্ররা তাদের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। কিছুক্ষণ পর বিধায়ক ও মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ঘটনাস্থল থেকে চলে যান। ছাত্রদের দাবি, আমরা দলের উপর আস্থা রেখেছি। দল দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। যদি কিছু না হয় তাহলে ছাত্রদের তরফে দাবি, তারা আগামীতে বিক্ষোভে যাবে।
এ প্রসঙ্গে বিমলেন্দুবাবু জানান, সম্পূর্ণ ভুল এবং উল্টো দাবি ওদের, যে ওরা দলের কেউ নয়। তৃণমূলের তকমা লাগিয়ে বেশ কিছু যুবক দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করে, তৃণমূল জেলা সভাপতি জয়ন্ত
বিশ্বাসকে ঘিরে ধাক্কাধাক্কি করে, উজ্জল বিশ্বাসের গাড়ি ঘিরে বিক্ষোভ করার চেষ্টা করে। সেখানেই নিজেদের মধ্যে গন্ডগোল সৃষ্টি হয়।
উজ্জ্বল বিশ্বাস, জানান, খতিয়ে দেখছি দলেরই হোক বা বহিরাগত দোষী শাস্তি পাবে।

