আমাদের ভারত, ২১ জুন : নুসরতের পর এবার পরকীয়ায় চর্চা তালিকায় নাম উঠল তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের। অভিনেতা কাঞ্চনের সঙ্গে ছোটপর্দা অভিনেত্রী শ্রীময়ীর প্রেমের সম্পর্কের অভিযোগ এনেছে স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। বিবাদ গড়িয়েছে থানা পর্যন্ত। তারা উভয়ই উভয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর সোশ্যালমিডিয়ায় তাদের সম্পর্ক নিয়ে জলঘোলা এখন তুঙ্গে।
বিগত কয়েক দিন ধরেই উত্তরপাড়ার বিধায়ক তথা টলি অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে ছোটপর্দা অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের বিবাহ বহির্ভূত সম্পর্ক ঘিরে জল্পনায় উত্তাল টলিপাড়া ও নেট দুনিয়া। তার মাঝেই বিভিন্ন অনুষ্ঠানে কাঞ্চন এবং শ্রীময়ীর একসাথে দেখা মেলায় আরও জোড়াল হয় গুঞ্জন। অবশেষে বিধায়কের স্ত্রী পিঙ্কি তাদের সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুললে বিবাদ ভিন্নমাত্রায় মোড় নেয়। পিঙ্কির মন্তব্য প্রকাশ্যে আসার পরই একে একে কাঞ্চন ও তার বান্ধবী শ্রীময়ীও প্রতিক্রিয়া জানায়।
সূত্র অনুযায়ী, ঠিক ৯ বছর আগেই কাঞ্চন মল্লিকের সঙ্গে বিয়ে হয় পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের। তাদের ৮ বছরের একটি পুত্র সন্তানও আছে। যদিও পিঙ্কি তার দ্বিতীয় স্ত্রী। টেলি ধারাবাহিকে অভিনয় করার সূত্রে তাদের পরিচয় হয় এবং বিয়ে করেন তারা।
তবে দীর্ঘ ৭-৮ বছর তাদের বৈবাহিক সম্পর্ক ভালো যাচ্ছে না এবং স্ত্রী পিঙ্কি আলাদা থাকতে শুরু করে বলেও জানা গেছে। বৈবাহিক সম্পর্কের এই টানাপোড়েনে নাম জড়ায় শ্রীময়ীর। কাঞ্চনের পরকীয়া সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমে পিঙ্কি মুখ খোলার পরই কাঞ্চন ও শ্রীময়ী তাকে হেনস্থা করে বলে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, চেতলায় ঠাকুমা সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ফেরার পথে কাঞ্চন ও শ্রীময়ী তাকে জোর করে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে। তাঁর গাড়ি থামিয়ে হামলা করে ও হুমকি দেয় বলে অভিযোগ করে। ঘটনার পর রবিবার তিনি কার্যত বাধ্য হয়েই নিউ আলিপুর থানায় কাঞ্চন ও শ্রীময়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে জানান।
অন্যদিকে, তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন কানে আসতেই কাঞ্চন তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ককে মিথ্যে বলে দাবি করেন। তার বক্তব্য, শনিবার সংবাদ মাধ্যমকে দেওয়া স্ত্রী পিঙ্কির মন্তব্য প্রকাশ্যে আসতেই তিনি হতভম্ব হয়ে যান। তাই রবিবার তিনি শ্রীময়ীকে সঙ্গে নিয়ে দেখা করতে যান পিঙ্কির সাথে। মুখোমুখি আলোচনায় বসে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবার জন্যই তিনি দেখা করতে যান বলে জানিয়েছেন। রাস্তায় দেখা হলে কথা বলার অনুরোধ করেন স্ত্রীকে। কিন্তু তার পরই পিঙ্কি তাদের ওপর হামলা করে। সঙ্গে তাঁর শ্যালকও তাদের দিকে ধেয়ে আসে বলেও অভিযোগ করেন অভিনেতা। পাল্টা তিনিও পিঙ্কি ও তাঁর পরিবারের বিরূদ্ধে চেতলা থানায় মামলা দায়ের করেছেন বলেও সূত্রে জানা গেছে।
প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রীময়ীও। তাঁর দাবি, পিঙ্কির অভিযোগ শুনে তাজ্জব হয়েগেছিলেন তিনি। কাঞ্চনের সঙ্গে তাঁর পরিচয় অভিনয় জীবনের শুরু থেকেই। কাঞ্চনের পাশাপাশি পিঙ্কি ও তাঁর পরিবারের সঙ্গেও সুসম্পর্ক তাঁর। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকেও অস্বীকার করেছেন অভিনেত্রী।
তৃণমুল বিধায়কের এহেন অভিযোগকে ঘিরে অস্বস্তিতে পড়েছে দল। এই প্রসঙ্গে কোন মন্তব্য করতে নারাজ দলের নেতারা। তবে এই প্রসঙ্গে তৃণমুল মুখপাত্র কুণাল ঘোষ এবং হুগলী জেলা সভাপতি দিলীপ যাদবের বক্তব্য ঘটনা সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বিষয়। তার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই কাজেই দল এই বিষয়ে কোন মন্তব্য করবে না বলেও জানিয়েছেন তৃণমূল মুখপাত্র।

