আলাদা কামতাপুর রাজ্যের দাবিতে ৬ ডিসেম্বর উত্তরবঙ্গ জুড়ে ১২ ঘন্টার রেল রোকো অভিযানে ডাক কামতাপুর স্টেট ডিমান্ড ফোরামের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৮ নভেম্বর: কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আলাদা কামতাপুর রাজ্যের দাবিতে ৬ ডিসেম্বর উত্তরবঙ্গ জুড়ে ১২ ঘন্টার রেল রোকো অভিযানে ডাক দিল কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম। মঙ্গলবার জলপাইগুড়িতে সাংবাদিক বৈঠক করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল কামতাপুর স্টেট ডিমান্ড ফোরামের সভাপতি নিখিল রায়। এই ফোরামে রয়েছে কেপিপি ইউনাইটেড ও কেপিপি প্রোগ্রেসিভ পার্টি।

উত্তরবঙ্গ বরাবরই বঞ্চিত হয়ে আসছে এই অভিযোগ তুলে আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন চলছে দীর্ঘদিন থেকে বলে দাবি। রাজ্য ও কেন্দ্র সরকার আলাদা রাজ্য নিয়ে উদাসীন। পঞ্চায়েত ভোটের আগে আন্দোলনকে তোড়জোড় করতে এবার রেল অবরোধের পথে হাঁটল আন্দোলনকারীরা। কেপিপি ইউনাইটেডের সভাপতি তথা কামতাপুর স্টেট ডিমান্ড ফোরামের চেয়ারম্যান নিখিল রায় বলেন, “কামতাপুর রাজ্যের দাবিতে কেন্দ্র সরকারকে নাড়া দিতেই কার্যত রেল রোকো কর্মসূচি। ৬ ডিসেম্বর উত্তরবঙ্গ জুড়ে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।”

এদিকে কেপিপি প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি তথা কামতাপুর স্টেট ডিমান্ড ফোরামের ভাইস চেয়ারম্যান অমিত রায় বলেন, “আমরা আলাদা রাজ্যের জন্য দীর্ঘদিন থেকে দাবি করে আসছি। আর কে কি কোন দিন থেকে আন্দোলন করছেন সেগুলো দেখা হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *