স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৪ আগস্ট: তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রাজ্যবাসী। ২০১৩ সাল থেকে পালিত হয়ে আসা কন্যাশ্রীর ব্যাপ্তি ঘটেছে সারা রাজ্যে, আজ কন্যাশ্রী দিবস। আর রাত পোহালেই স্বাধীনতা দিবসের ৭৫ তম বর্ষ। অন্যদিকে সম্প্রতি সরকার ঘোষিত ১৬ আগস্ট দিনটিকে খেলা দিবসের অন্তর্ভুক্তি হিসাবে আজ কল্যাণী পৌরসভা এবং স্টেডিয়াম কমিটির উদ্যোগে ত্রিদলীয় মহিলা ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল।

কলকাতার দুটি বিখ্যাত মহিলা দলের সাথে গতবারের মহিলা লিগ চ্যাম্পিয়ন দলের খেলার মধ্যে দিয়ে আজকের এই বিশেষ দিনটি পালন করা হয়। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, মহিলাদের ব্যপ্তি ঘটাতে বাংলার মুখ্যমন্ত্রী অনেকগুলি প্রকল্প নিয়েছেন। যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল কন্যাশ্রী। শিক্ষা, খেলাধুলা, স্বনির্ভরতায় মহিলাদের সুরক্ষার ব্যবস্থার মাধ্যমে আজ তারা সম্মানিত।


