স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৬ আগস্ট: একাদশ শ্রেণিতে ভর্তির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্রছাত্রী ও অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কালিগঞ্জ এলাকায়।

এই করোনা মহামারীর কারণে মধ্যশিক্ষা পর্ষদ থেকে রাজ্যের সমস্ত স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়া হয়েছে। এবার একাদশ শ্রেণিতে ভর্তির পালা। পর্ষদের নির্দেশ অনুসারে মোট ৪০০ জন মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীকে একাদশ শ্রেণিতে ভর্তি করা হয়। এবছর কালিগঞ্জ হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা মোট ৭২৯ জন। সবাইকে পাস করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পর্ষদের নির্দেশ অনুসারে কালিগঞ্জ হাই স্কুলে ৭২৯ জনের মধ্যে ৪০০ জন ছাত্রছাত্রীকে স্কুলে ভর্তি করানো হয়েছে। এবং ৩২৯ জনকে ভর্তি নেওয়া হয়নি। বাকি ৩২৯ জনকে ভর্তির দাবিতে কালিগঞ্জ বাজারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরাও। ছাত্র-ছাত্রীদের দাবি অবিলম্বে তাদের স্কুলে ভর্তি করানো হোক। স্কুলে ভর্তি না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে পড়ুয়ারা।

রাস্তা অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রধান শিক্ষক বিষয়টি উপরমহলে জানিয়ে প্রয়োজনীয় সমাধানসূত্র বের করার ব্যাপারে আশ্বস্ত করলে অবরোধ আন্দোলন তুলে নেওয়া হয়।


