বেলপাহাড়ি থানার পুলিশের বিরুদ্ধে রসিদ ছাপিয়ে কালী পুজোর চাঁদা তোলায় অভিযোগ, সামাজিক মাধ্যমে সমালোচনা

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩ নভেম্বর: রসিদ ছাপিয়ে কালীপুজোর চাঁদা তোলার অভিযোগ উঠেছে বেলপাহাড়ি থানার পুলিশের বিরুদ্ধে। পুজোর সময় পুজো কমিটিগুলোর চাঁদার জুলুম বন্ধ করতে অভিযান চালানো পুলিশের বিরুদ্ধে এভাবে রশিদ কেটে চাঁদা তোলার ঘটনায় সমাজ মাধ্যমে বেশ শোরগোল পড়েছে। প্রতিবছর রাজ্যের থানাগুলোতে কালীপুজো হয়ে থাকলেও এভাবে রশিদ ছাপিয়ে চাঁদা তোলা হয় না বলে জেলা পুলিশের একাংশ জানিয়েছেন। বেলপাহাড়ি থানার এরকম ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন।

বেলপাহাড়ির এক ব্যক্তি সমাজ মাধ্যমে লিখেছেন, এর আগে কখনো পুলিশকে কালী পুজোর জন্য চাঁদা তুলতে দেখা যায়নি। এ বছর ‘বেলপাহাড়ি থানা গ্রাম রক্ষীবাহিনী সর্বজনীন শ্যামা পূজা কমিটি’র নামে পুলিশের পক্ষ থেকে চাঁদা তোলা হচ্ছে। মানুষ যেখানে এলাকার পুজো কমিটিগুলোকে কুড়ি টাকা চাঁদা দিতে কিন্তু কিন্তু করে, সেখানে থানার কালী পুজোর জন্য একশ টাকার ওপরে চাঁদা দিচ্ছেন মুখ বুঁজে। অভিযোগ, জোর খাটিয়ে সাদা পোশাকের পুলিশ এভাবে বাজারে চাঁদা তুলছে।

বিষয়টি জানতে পেরে জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, গ্রাম রক্ষী বাহিনীর নামে চাঁদা তোলার ঘটনা মানুষের কাছে পুলিশের সম্পর্কে ভুল বার্তা পৌঁছাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *