সাথী দাস, পুরুলিয়া, ৫ নভেম্বর: পুরুলিয়া জেলা জুড়ে ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হল কালীপূজো। বৃহষ্পতিবার সন্ধ্যে থেকেই ঐতিহ্যপূর্ণ পূজোগুলিতে ভক্তদের ঢল দেখা গিয়েছে। পুরুলিয়া শহরের চকবাজার ষোলআনা, তেলকল পাড়া শ্মশানকালী, মাড়ু শ্মশান, রেলগেট, রথতলা, বক্সী কালীবাড়িসহ বহু মন্দিরে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। জেলার বিভিন্ন ঐতিহ্যবাহী পুজোয় দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হন। পুজো পাঠ শুরু সন্ধ্যের পর।

রঘুনাথপুর মহকুমার মৌতড় গ্রামে পুরুলিয়া জেলার সব থেকে বড় কালীপূজোটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে দেবীর কাছে মানত করলে তা পূর্ণ হবেই বলে ভক্তদের বিশ্বাস। শুধু পুরুলিয়া বা পশ্চিমবঙ্গ নয়। পুর্বাঞ্চলের অনান্য রাজ্য এমনকি সুদূর উত্তরপ্রদেশ থেকেও কালীপূজোর রাত্রে বহু ভক্ত জড় হন এখানে। পুজোর দু’দিন কয়েক লক্ষ ভক্ত দেবী মূর্তি দর্শন করেন। দেবীর পূজো এখানে ঠিক কত বছর ধরে চলে আসছে তার সঠিক হিসেব পাওয়া না গেলেও মন্দিরটি তিনশ বছরের বেশি প্রাচীন বলে জানা যায়।
সম্প্রতি মন্দিরের আমূল সংস্কার করা হয়েছে। এবার মন্দির প্রবেশ পথে একটি তোরণ উদ্বোধন হল। ভক্তদের মতে এখানকার বলি পূজোর অন্যতম বড় বৈশিষ্ট। দুর্গা অষ্টমীর দিন বাদ দিয়ে বছরের প্রত্যেকটি দিন এই মন্দিরে বলি হয়ে থাকে। কালী পুজোর রাতে কয়েক হাজার ছাগল বলি হয় এখানে। হয় মোষ বলি। কালী পূজো উপলক্ষ্যে বিশাল মেলা হয় মন্দির চত্বরে।

