আমাদের ভারত, ৪ ফেব্রুয়ারি: গত ১ ফেব্রুয়ারি, ইউনিয়ন বাজেট ঘোষণার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া–কাকুলিয়া এলাকায় যে গোষ্ঠী-সংঘর্ষ হয়, তা সাধারণ অশান্তি নয়, বরং বোমা, বন্দুক ও গুলির মাধ্যমে রাস্তায় নেমে আসা সংঘবদ্ধ অপরাধের নগ্ন প্রকাশ। রাজ্যের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে একাধিক গুরুতর বিষয় তুললেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র অ্যাডভোকেট দেবজিৎ সরকার।
বুধবার সল্টলেক বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কাকুলিয়া এলাকায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, মন্ত্রী ও দক্ষিণ কলকাতা জেলা নেতৃত্বের সঙ্গে যুক্ত এক দুষ্কৃতী—বিশ্বজিৎ পোদ্দার ওরফে “সোনপাপ্পু”-র নাম বারবার উঠে আসছে। একাধিক গুরুতর অভিযোগ, এমনকি খুনের মামলার প্রসঙ্গ থাকলেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। তৃণমূল নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই পুলিশ বারবার নিষ্ক্রিয় থেকেছে বলে অভিযোগ করেন তিনি।
দেবজিত সরকার বলেন, ঘটনার পর ৭২ ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও মূল অভিযুক্ত সোনপাপ্পু এখনও কলকাতা পুলিশের নাগালের বাইরে। পুলিশ দশজনকে গ্রেফতার করলেও প্রধান অভিযুক্ত পলাতক, যা রাজ্য পুলিশের দক্ষতা ও সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।
তিনি বলেন, সোনপাপ্পু নিজেই প্রকাশ্যে লাইভ ভিডিও করে পুলিশ ও জনতাকে কার্যত হুমকি দিয়েছেন— “আমার চেইন অনেক লম্বা”—এই বক্তব্য প্রমাণ করে তৃণমূলের আশীর্বাদে অপরাধীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে।

