জে মাহাতো, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৯ আগস্ট: “বলিউডের নায়ক সুশান্ত সিং রাজপুত হত্যাকান্ডে যেমন সিবিআই তদন্ত দেওয়া হয়েছে তেমনি এখানকার জননায়ক বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়া উচিত বলে দাবি কৈলাশ বিজয় বর্গীয়র। তিনি বলেন,হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায়কে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুরো পরিকল্পনা করে খুন করা হয়েছে। এতে দুষ্কৃতী, পুলিশ এবং তৃণমূল যুক্ত রয়েছে। তিনি আত্মহত্যা করেননি। সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে, আশা সিবিআই তদন্তের নির্দেশ দেবেন সুপ্রিমকোর্ট। সিবিআই তদন্তেই সব বেড়িয়ে আসবে।” হেমতাবাদের প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সাথে দেখা করতে এসে সাংবাদিকদের এমন কথাই বললেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। প্রয়াত বিধায়কের পরিবারের প্রতি সমবেদনা জানালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তাদের পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। তাঁর সাথে ছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক, উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপির রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায় চৌধুরী।
উল্লেখ্য, গত ১৩ জুলাই বাড়ি থেকে কিছুটা দূরে বালিয়ামোড় বাজার এলাকায় একটি বন্ধ মোবাইলের দোকানের সামনের বারান্দায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের। পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা বললেও প্রয়াত বিধায়কের পরিবার ও বিজেপি দল খুনের অভিযোগ তুলে সরব হয়। দলীয় বিধায়ক খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যজুড়ে বনধ সহ ব্যাপক আন্দোলনে নামে বিজেপি। গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশ মৃত বিধায়কের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে। তাতে নিলয় সিংহ ও মাবুদ আলি এই দুজনকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করা হয়। এদের সাথে প্রয়াত বিধায়কের ব্যাবসায়িক লেনদেন ছিল বলে
জানাগিয়েছে। ঘটনার তদন্তের ভার হাতে নেয়
সিআইডি। অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করেছে সিআইডি।
এই ঘটনার প্রায় দেড়মাস বাদে শনিবার প্রয়াত বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের বাড়িতে আসেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। কথা বলেন, প্রয়াত বিধায়কের স্ত্রী ও পরিবারের লোকজনের সাথে। এরপর সাংবাদিকদের তিনি বলেন, শুধু হেমতাবাদের বিজেপি বিধায়ক খুনই নয়, সারা রাজ্যজুড়ে একই কায়দায় বিজেপি কার্যকর্তাদের খুন করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল গোটা রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে বলে অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। সিবিআই তদন্ত হলেই বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের হত্যাকান্ডে পুলিশ ও তৃণমূল নেতারাও ধরা পড়বে বলে মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়।

