নীল বণিক,আমাদের ভারত, কলকাতা, ২ মে: দলের খারাপ ফলাফলের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় নেত্রী বলে মানলেন কৈলাস বিজয়বর্গীয়। আজ কলকাতায় তিনি বলেন, বাংলার জনগণ মমতার উপরই আস্থা রেখেছে। তাই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভালো ফল হয়েছে বলে জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়।
সকালে উৎসাহ নিয়ে কলকাতায় দলের হেস্টিংস অফিসে আসেন বিজেপি নেতারা। বেলা যত বাড়তে থাকে বিজেপি নেতাদের উৎকণ্ঠা তত বাড়তে থাকে। বেলা বারোটা নাগাদ স্ট্রিংস অফিস ছাড়েন অধিকাংশ বিজেপি নেতা। ব্যতিক্রম ছিলেন না কৈলাস বিজয়বর্গীয়।
হেস্টিংস অফিস ছাড়বার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমাদের এই ফল প্রত্যাশিত ছিল না। কি কারণে এমন ফল হয়েছে তা নিশ্চয়ই দল দেখবে। ফলাফল নিয়ে আমরা পর্যালোচনাও করব। এই মুহূর্তে বলতেই হচ্ছে আমাদের কিছু পলিসি জনগণ গ্রহণ করেননি। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ বাংলার নেত্রী হিসেবে মেনে নিয়েছেন বলে জানান কৈলাস বিজয়বর্গীয়।

