নয়া ইতিহাস রচনা হলো, ভারতের সনাতন সংস্কৃতির প্রতীক কাশী বিশ্বনাথ ধাম: মোদী

আমাদের ভারত, ১৩ ডিসেম্বর:সোমবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হলো কাশী বিশ্বনাথ করিডোরের। প্রধানমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পের মাধ্যমে দ্রুত বদলে গেছে বারাণসী। নতুন এই বিশ্বনাথ ধামের সম্বন্ধে বলতে গিয়ে মোদী বলেন,ভারতের সনাতন সংস্কৃতির প্রতীক এই কাশী বিশ্বনাথ ধাম। আজ নয়া ইতিহাস রচনা হলো।

কাশী বিশ্বনাথ ধামের করিডোর উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “কাশী বিশ্বনাথ ধামের সম্পূর্ণ নতুন কমপ্লেক্সটি শুধুমাত্র একটি বিশাল ভবন নয় বরং ভারতের সনাতন সংস্কৃতি। আমাদের আধ্যাত্মিকতা এবং ভারতের প্রাচীনতা ও ঐতিহ্যের প্রতীক। মন্দিরের এলাকা আগে ছিল মাত্র ৩ হাজার বর্গফুট। এখন তো প্রায় ৫ লক্ষ বর্গ ফুট হয়ে গিয়েছে। এখন ৫০ হাজার থেকে ৭৫ হাজার ভক্ত সমাগম হতে পারে মন্দির প্রাঙ্গণে। প্রধানমন্ত্রী কাশী বিশ্বনাথ ধাম প্রসঙ্গে বলেন নতুন ইতিহাস তৈরি হচ্ছে। আমরা সৌভাগ্যবান যে এটির সাক্ষী থাকতে পেরেছি।”কাশী বিশ্বনাথ করিডোরের চল্লিশটি মন্দিরের সংস্কার ও ২৩টি নতুন ভবন তৈরি করা হয়েছে।

নির্দিষ্ট সময়ের এক ঘন্টা আগেই বারাণসী পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে প্রথমেই কালভৈরবের মন্দিরে যান। সেখানে প্রণাম ও আরতী সারেন। তারপরে যোগী আদিত্যনাথের সঙ্গে খিড়কিয়া ঘাট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর ললিতা ঘাটে গঙ্গা স্নান সারেন প্রধানমন্ত্রী। গঙ্গায় ডুব দিয়ে জল সংগ্রহ করেন তিনি। সূর্য নমস্কার ও গঙ্গা পুজো করে গঙ্গার জল নিয়ে মন্দিরে গিয়ে কাশী বিশ্বনাথের মাথায় জল ঢালেন। বিশ্বনাথ মন্দিরের ষোড়শোপচারে পূজা দেন প্রধানমন্ত্রী। তবে মন্দির চত্বরে প্রবেশ করেই তিনি আগে মন্দিরের সংস্কারের কাজ ঘুরে দেখেন।‌‌‌‌

প্রায় আধঘন্টা ধরে বিশ্বনাথ মন্দিরের পুজো দিয়ে পৌঁছান অনুষ্ঠান মঞ্চে। বক্তব্য রাখতে উঠেই প্রধানমন্ত্রী বলেন, আগে গঙ্গার পাশে কাশী বিশ্বনাথ মন্দির ছিল। বাবা বিশ্বনাথকে যখন প্রণাম করা হতো একইসঙ্গে মা গঙ্গার দর্শন হয়ে যেত। কিন্তু সময়ের প্রবাহে সেই পথের মাঝে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়। কিন্তু ঐতিহ্য আধুনিকীকরণের মিশেলে এই নতুন করিডর তৈরি হলো।

প্রধানমন্ত্রী বলেন, কাশীতে একটাই সরকার। যার হাতে রয়েছে ডমরু। সেই মহাদেবের সরকারই এখানে চলে। এই করিডোর মহাদেবের ইচ্ছাতেই তৈরি হয়েছে। আমরা তো কেবল সেটা বাস্তবে রূপান্তর করেছি।

একইসঙ্গে তিনি নমামী গঙ্গের সাফল্য বজায় রাখার বিষয়টি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন,” স্বচ্ছতাকে জীবনশৈলী বানিয়ে নিতে হবে আমাদের। গঙ্গা নদীর সাফাইয়ের জন্য উত্তরাখন্ড থেকে পশ্চিমবঙ্গ অবধি নানা প্রচেষ্টা চালানো হচ্ছে। আপনাদের মিলিত উদ্যোগে নমামী গঙ্গে প্রকল্প সফল হয়েছে। আপনাদেরই এই সাফল্য বজায় রাখতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *