রাজেন রায়, কলকাতা, ২৯ জানুয়ারি: সংগীত শিল্পী কবীর সুমনের একটি বিতর্কিত অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে এক সাংবাদিকের সঙ্গে টেলিফোনে কথা বলতে শোনা যাচ্ছে কবীর সুমনকে। একের পর এক কুরুচিপূর্ণ আপত্তিকর ভাষায় গালিগালাজ করেছেন তিনি। এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হলো রাজ্য বিজেপির পক্ষ থেকে। মুচিপাড়া থানায় কবীর সুমনের বিরুদ্ধে এফআইআর করলেন রাজ্য বিজেপি নেতা সজল ঘোষ।
কবীর সুমনের বিরুদ্ধে করা এফআইআরের কপিতে বিজেপি নেতা সজল ঘোষ জানিয়েছেন, সমাজের একজন সচেতন মানুষ হয়ে, একজন জনপ্রতিনিধি হয়ে, ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়ে কবীর সুমনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন তিনি। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার দ্বারা তিনি জানতে পেরেছেন, ফোনে কথা বলার সময় অত্যন্ত আপত্তিকর ভাষায় কথাবার্তা বলেছেন কবীর সুমন। যার দ্বারা সাম্প্রদায়িক সম্প্রীতি আঘাতপ্রাপ্ত হয়েছে, ধর্মীয়, সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন তিনি। অত্যন্ত নোংরা ভাষা তিনি ব্যবহার করেছেন। বাঙালি মাকে পর্যন্ত তিনি অপমান করেছেন। সেই সঙ্গে তিনি বিজেপি, আরএসএসকে অপমান করেছেন।
আপত্তিকর ভাষায় বলা তাঁর কথা তিনি সংবাদ মাধ্যমে প্রচার করার পরামর্শও দিয়েছেন। সজল ঘোষ অভিযোগ করেছেন, কবীর সুমন বাঙালি হিন্দু, হিন্দু দেবদেবীর নামে কুৎসিত শব্দ প্রয়োগ করেছেন। সেইসঙ্গে অত্যন্ত কুৎসিত শব্দ ব্যবহার করেছেন বাঙালি মেয়েদের উদ্দেশ্যে। তিনি জানিয়েছেন, কবীর সুমনের বিরুদ্ধে এক সময় তাঁর স্ত্রী, তাঁর কন্যা অভিযোগ জানিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল।
কবীর সুমন বাংলার মহিলাদের জন্য বিপদজনক। কারণ সরাসরি ধর্ষণ করার হুমকি দিতে দেখা গেছে তাকে। বাঙালি ও অবাঙালির মধ্যে বিরোধ তৈরি করতে চেয়েছেন। সম্প্রদায়ের মধ্যে বিরোধ বাঁধাতে যথেষ্ট রকম উস্কানি তিনি দিয়েছেন। তিনি যা বলেছেন তা দেশের ঐক্য ও সার্বভৌমিকতার জন্যও বিপদজনক। কারণ তিনি বলেছেন, অবাঙালি হিন্দুদের জন্য এই বাংলা নয়।
কবীর সুমন যা বলেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ তাঁর এই ধরনের বক্তব্যে ধর্মে-ধর্মে বিভেদ সৃষ্টি হতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, বাঙালি- অবাঙালির মধ্যে বড় রকম বিরোধ তৈরি হতে পারে। এই ধরনের মানুষ জাতি ও সমাজের জন্য বিপদজনক, মহিলাদের জন্য এই ধরনের মানুষ বিপদজনক। ধর্মীয় ভাবনায় তিনি আঘাত করেছেন। বাঙালির ভাবাবেগে, হিন্দুর ভাবাবেগে তিনি আঘাত করেছেন। তাই কবীর সুমনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। এই আবেদনের সঙ্গে কবীর সুমনের অডিও ক্লিপ যুক্ত করেছেন তিনি।

