অলোক ঘোষ, উত্তর ২৪ পরগনা: ভোটের মুখে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মতুয়াদের হাতে তুলে দিলেন ডঙ্কা। ডঙ্কা ও কাশি হাতে নিয়ে নিজেই বাজালেন এবং হরি বল ধ্বনি তুললেন। জানালেন, এপ্রিল মাসে গলায় গামছা দিয়ে ডঙ্কা বাজাতে বাজাতে বারুনী মেলায় যাবেন।

শনিবার সন্ধ্যায় নিজের বিধানসভা কেন্দ্র উত্তর ২৪ পরগনার হাবড়ার আক্রমপুর এলাকায় শতাধিক মতুয়া দলপতির হাতে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তুলে দিলেন গামছা ও ডঙ্কা। এরপর মন্ত্রীকে দেখা গেল মতুয়া ভক্তদের সঙ্গে ডাঙ্কা ও কাশি বাজাতে, পাশাপাশি হরিবল ধ্বনি তুলে মতুয়াদের সঙ্গে গলা মেলালেন জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, হাবড়ার প্রায় তিনশো মতুয়া ভক্তকে এদিন ডঙ্কা দেওয়া হয়েছে। মতুয়া ভক্তদের সাথে আমার নিবিড় সম্পর্ক। ঠাকুরনগরের বারুনী মেলার সময় আবার ডঙ্কা দেওয়া হবে। আমি নিজেই মতুয়া ভাইদের সাথে গলায় গামছা দিয়ে ঠাকুরনগরে প্রতিবার যাই, কামনা সাগরে স্নানও করি।” মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মতুয়াদের পাশে ছিল, আছে আগামীদিনেও থাকবে। মন্ত্রীকে এদিন পাশে পেয়ে খুশি মতুয়া স্থানীয় ভক্তরা।

