আমাদের ভারত, ১০ নভেম্বর: হাওড়ার ফোরশোর রোডে অগ্নিকাণ্ডের পর এবার ঘুসুড়ির কালীতলায় ভেঙ্গে পড়ল হনুমান জুটমিলের ছাউনি ও পাঁচিল। ৩-৪ জন শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা রয়েছে।
এদিন ৬টায় মর্নিং শিফট শুরু হওয়ার পরেই এই বিপর্যয় ঘটে। আচমকাই ভেঙ্গে পড়ে চটকলের পাঁচিল সমেত ছাউনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালিপাঁচঘড়া থানার পুলিশ। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে আছে কি না, তা জানতে চলে উদ্ধারকাজ।
প্রায় ৫ হাজার বর্গ ফুট জায়গা জুড়ে রয়েছে এই বাড়িটি। এদিন সকালের শিফটের শ্রমিকরা কাজ শুরু করার পর আচমকাই ভেঙ্গে পড়ে এটি। ব্রিটিশ আমলে তৈরি এই বাড়ির উপরে তৈরী হয়েছিল নতুন অংশ। নীচে প্রচণ্ড শব্দে কাজ করে ভাইব্রেটিং মেশিন। বারবার বলা সত্ত্বেও, মিল কর্তৃপক্ষ এনিয়ে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।
আজ সকালে আচমকাই ভেঙ্গে পড়ার পরে শ্রমিকরা ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসার কোনও পথ পাননি। অন্তত তিন থেকে চার জন ওই ধ্বংসস্তূপে আটকে পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সিটি পুলিশের আধিকারিকরা। আসে বিপর্যয় মোকাবিলার একটি দলও।
বড় জেসিবি লাগিয়ে উদ্ধারকাজ চলে। ঘটনা নিয়ে অসন্তোষ রয়েছে শ্রমিকদের মধ্যে।

